শহরে মোটর সাইকেল চুরির উপদ্রব বেড়েছে

স্টাফ রিপোর্টার
শহরে মোটর সাইকেল চুরি বেড়েছে। পুলিশ ফাঁদ পেতে ২ মোটর সাইকেল চোর আটক করলেও চুরি থামছে না। শুক্রবার রাতেও পশ্চিম তেঘরিয়ায় বাড়ির সামনে থেকেই একটি দামি মোটর সাইকেল চুরি হয়েছে। গত ১৫ দিনে শহরের বিভিন্ন এলাকা থেকে ৪ টি মোটর সাইকেল চুরি হয়েছে।
সুনামগঞ্জ বিচারালয়ের কর্মচারী এনামুল হক জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টায় শহরের পশ্চিম তেঘরিয়া ঈদগাহ্রে পাশের সড়কে বাড়ির সামনে মোটর সাইকেল রেখে কিছুক্ষণ পরে এসেই আর সাইকেলটি পাননি তিনি। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
গত সপ্তাহে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে উকিলপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেনের মোটর সাইকেল চুরি যায়। ৮ দিন আগে রাতে বাসার গ্রিল কেটে আলীপাড়ার বাবু নামের এক তরুণের মোটর সাইকেল লক ভেঙে নিয়ে যায়। গত পহেলা মার্চ ষোলঘর (সুরমা ৭৫/১) আবাসিক এলাকার সুধাংশ রায়ের মোটর সাইকেল বাড়ির সীমানা প্রাচীরের ভেতর থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় চুরি হয়।
তবে সদর থানার পুলিশ জানিয়েছে, চুরির সাথে জড়িত সন্দেহে গত এক সপ্তাহে সদর উপজেলার বদিপুরের রমজান আলীর ছেলে রায়হান মিয়া, শহরের উত্তর আরপিন নগরের মৃত নাজিম উদ্দিনের ছেলে সাইদুর রহমান, বড়ঘাট গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে ইউসুফ আলী ইমন, দিরাইয়ের জাহানপুর গ্রামের মনসুর আলীর ছেলে রমজান আলী, জামালগঞ্জের বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের মুস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলার পরানপুন গ্রামের জাকির হোসেনের ছেলে আবুল হোসেন সুমন ও শহরের ওয়েজখালীর মোশারফ আলীর ছেলে ইয়ামিন আলীসহ ১৫জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘মোটর সাইকেল চুরিসহ সকল চুরি ঠেকাতে পুলিশ তৎপরতা বাড়িয়েছে। ৮ দিন আগে শহরের ময়নার পয়েন্টে মোটর সাইকেল রেখে সাদা পোশাকের পুলিশ দূরে অবস্থান করে অর্থাৎ ফাঁদ পেতে ২ চোর আটক করেছে। এই সপ্তাহে ১৫ জন চোরকে চালান দেওয়া হয়েছে। পুলিশ মোটর সাইকেলসহ সকল প্রকার চুরি ঠেকাতে আন্তরিকভাবে কাজ করছে’।