শহরে রিক্সা-অটোরিক্সা ভাড়া নিয়ন্ত্রণহীন

আকরাম উদ্দিন
শহরে অটোরিক্সা ও রিক্সা ভাড়া বৃদ্ধি লাগামহীন অবস্থায় পৌঁছেছে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে খেয়াল-খুশিমত ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের নিকট থেকে। এদিকে রিক্সা বা অটোরিক্সায় রাতে কোনো বাতি ব্যবহার না করায় অহরহ ঘটছে দুর্ঘটনা। সোমবার দুপুরে কালীবাড়ির পয়েন্ট থেকে জেলা পরিষদের সামনে যেতে চাইলে অটোরিক্সা চালক এই প্রতিবেদকের কাছে ১০ টাকা ভাড়া দাবি করে বসে। পরে অন্য একটি অটোরিক্সায় ৫ টাকা ভাড়া দিয়ে এই স্থানে যান তিনি।
জেলা পরিষদের সামনের রাস্তায় কথা হয় অটোরিক্সার যাত্রী আব্দুস ছুবানের সাথে। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে ভাড়া বাড়ানো হয়েছিল, এখনো কমায়নি’। তিনি জানান, কালীবাড়ি পয়েন্ট থেকে কালীপুর রাস্তার মোড়ে নেমে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা দিলাম চালককে। এভাবে প্রায় এক সপ্তাহ ধরে বেশি ভাড়া দিয়ে আসছি। নইলে খারাপ আচরণ করে চালকেরা।
ঈদের সময় থেকে যাত্রীদের কাছ থেকে    এভাবেই কতিপয় অটোরিক্সা চালক অতিরিক্ত ভাড়া আদায় করে চলেছেন। অতিরিক্ত ভাড়া না পেলে চালকরা খারাপ আচরণ করছেন বলে অভিযোগ করেন একাধিক যাত্রী।
বিগত বন্যায় নবীনগর-হালুয়ারঘাট সড়ক ভেঙ্গে যায়। এরপর শহর থেকে হালুয়ারঘাট এলাকার ভাড়া ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা থেকে ২০ টাকা ও খাইমতর ২০ টাকা করে আদায় করে চলেছেন চালকেরা। শহর থেকে বড়পাড়া এলাকায় ১০ টাকা ভাড়া বৃদ্ধি করে ১৫ টাকা আদায় করা হচ্ছে।
যাত্রী আতাহার আলী বলেন, ‘পৌর এলাকায় রিক্সার ভাড়া নিয়ন্ত্রণ নেই। যে যেমন পারে ভাড়া আদায় করে চলেছে। অতিরিক্ত ভাড়া আদায়ে ব্যর্থ হয়ে যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন রিক্সা চালকেরা।’
শিক্ষার্থী তপন দাস বলেন, ‘নিয়মিত কলেজে যেতে হয় আমার। প্রতিদিন ট্রাফিক পয়েন্ট থেকে কলেজে যেতে ১০ টাকার পরিবর্তে ২০ টাকা দিতে হয় রিক্সায়।’
আসরাফ হোসেন বলেন, ‘লঞ্চঘাট থেকে পৌরমার্কেট আসতে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা ভাড়া দিতে হয় রিক্সা চালককে। অটোরিক্সা তো আসেই না।’
অটোরিক্সাচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা কয়েকজনে ঈদের সময় যাত্রীদের বলে-কয়ে অতিরিক্ত ভাড়া নিয়েছিলাম, এখনো অতিরিক্ত ভাড়া যাত্রীরা দেন, তাই আমরা নেই।’
অটোরিক্সাচালক শাকিল আহমদ বলেন, ‘ভাড়া বেশি না নিলে পুষে না। আমি পনের দিন ধরে এই অতিরিক্ত ভাড়া আদায় করে আসছি।’
রিক্সাচালক আব্দুল জব্বার বলেন, ‘আমরা গরীব মানুষ। রিক্সা চালাইয়া খাই। সংসারে মানুষ বেশি, তাই বেশি ভাড়া না লইলে পুষায় না।’