স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
সহকারি কমিশনার শিল্পী রাণী মোদক ও মো ফজলে রব্বানী চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা মো ইদ্রিস আলী বীর প্রতীক, মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল মোমেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তৎকালীন মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদ ছাত্রনেতা মুক্তিযোদ্ধা তালেব উদ্দিনকে পাকবাহিনী সুনামগঞ্জ ছেড়ে যাবার সময় (৬ ডিসেম্বর ১৯৭১) আহসানমারায় গুলি করে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে যায়। ছাত্রনেতা তালেব উদ্দিন ভালো স্লোগান দিতে পারতেন, তাঁর জয় বাংলা স্লোগান উজ্জীবিত করতো সকলকে। তিনি সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁকে দেশীয় দালালদের সহযোগিতায় আটক করে পাক হায়েনা ও রাজাকাররা শহরের গলি দিয়ে ঘুরিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। তালেব উদ্দিনকে সুনামগঞ্জ পিটিআইয়ের টর্চারসেলে এনে নির্যাতন করা হয়েছে। সুনামগঞ্জ ছেড়ে পালানোর সময় নির্মমভাবে তালেব উদ্দিনকে হত্যা করে পালায় পাকসেনারা।
এসময় বক্তারা আহসানমারা সেতুটি শহীদ তালেবের নামে নামকরণের দাবি জানান। এছাড়াও সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারকে একটি সুসজ্জিত সুন্দর শহীদ মিনারে রূপান্তর করার দাবি জানিয়ে বক্তারা বলেন, জেলা শহরের পুরাতন শহিদ মিনার অবহেলায় পড়ে আছে। শহীদ মিনার দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া প্রয়োজন।
- নলকূপ ও ওয়াসব্লক না থাকায় ভোগান্তিতে ক্রেতা বিক্রেতারা
- দোয়ারায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত


