সোমবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটি কয়েকটি ভাল সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তগুলো সুনামগঞ্জবাসীর আবেগ অনুভূতি ও দৈনন্দিন জীবন যাপনের সাথে জড়িত। এর মধ্যে আহসানমারায় নির্মিত সেতুটি অত্রাঞ্চলের বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব হোসেনের নামে নামকরণের সিদ্ধান্তটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিপুল জনগোষ্ঠীর কাছে সমাদৃত হয়েছে। এই প্রস্তাবটি সভায় এনেছিলেন আরেক বীর মুক্তিযোদ্ধা দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক। এদিকে ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রস্তাবটি স্বয়ং জেলা প্রশাসকই সভায় উত্থাপন করেন। দুইটি প্রস্তাবই সভায় গৃহীত হয়েছে। এলাকার মানুষের চাহিদার অগ্রভাগে থাকা দুই সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। জানা যায়, এর আগে আহসানমারা সেতু শহীদ তালেবের নামে করার প্রস্তাব সেতুমন্ত্রীর কাছে গেলে তিনি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাধ্যমে প্রস্তাবটি অনুমোদন করিয়ে অগ্রায়ণ করার পরামর্শ দিয়েছিলেন। দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে সোমবার এই প্রস্তাবটি সমন্বয় কমিটি সিদ্ধান্তাকারে গ্রহণ করেছেন। রেললাইন সম্প্রসারণের দাবি এই জেলাবাসীর বহু যুগের পুরানো। জেলা সদরের একেবারে নাকের ডগায় রেললাইন স্থাপিত হয়েছে বহু আগে। মাত্র ২০/২৫ কিলোমিটার রেলসংযোগ না থাকায় জেলাবাসী পৃথিবীর সবচাইতে সমাদৃত গণপরিবহন রেললাইনের সুবিধা না পেয়ে দীর্ঘদিন যাবৎ অসন্তোষের আগুনে পুড়ছিলেন। প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রী হওয়ার পর সকলেই মনে করেছিলেন এবার রেললাইনের স্লিপার সুনামগঞ্জে আসবেই। কিন্তু অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় তাঁর মন্ত্রীত্বকাল স্বল্পায়ু হওয়ায় মানুষের মনোবেদনা দীর্ঘতর হতে থাকল। এদিকে এলাকার সংসদ সদস্যবৃন্দ ও পিএসসি’র সদস্য সরকারের সাবেক সচিব ড. সাদিক বিভিন্নসময়ে রেলমন্ত্রীর নিকট আধা সরকারি পত্র প্রেরণের মাধ্যমে সুনামগঞ্জে রেললাইন সম্প্রসারণের যৌক্তিকতা তুলে ধরেছেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্তটি সেই ধারাবাহিকতায় আরেক ধাপ অগ্রগতিরূপেই আমরা দেখছি।
সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন এই প্রস্তাব দুইটি কার্যক্ষেত্রে বাস্তবায়িত করা। আমাদের দেশে সভায় বহু সিদ্ধান্ত গ্রহণ করা হয় যার উল্লেখযোগ্য অংশ বাস্তবায়িত হয় না। খোদ মন্ত্রী পরিষদ সভার অনেক সিদ্ধান্তও বাস্তবায়িত না হওয়া কিংবা দীর্ঘায়িত হওয়ার দৃশ্য দেখার অভিজ্ঞতা রয়েছে আমাদের। এমতাবস্থায় সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গৃহিত শহীদ তালেব সেতু নামকরণ ও রেললাইন সম্প্রসারণের সিদ্ধান্ত কার্যকর করতে সামনে যে আরও অনেক জোড়ালো প্রচেষ্টার প্রয়োজন রয়েছে তা কাউকে বলে বুঝানোর দরকার হবে না। তবে এই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বিষয়টি কার্যকর করার অভিপ্রায়ে প্রচেষ্টা গ্রহণের সুযোগ তৈরি হলো। আমরা জেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ যথা সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদ প্রশাসক, পৌরমেয়রবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ব ও উচ্চ পদে কর্মরত সুনামগঞ্জবাসীগণের প্রতি আবেদন জানাই, আপনারা উপযুক্ত মহলে যোগাযোগ করে এই সিদ্ধান্ত দুইটি কার্যকর করার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করুন।
সুনামগঞ্জ দেশের অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত জেলাগুলোর একটি। এই জেলায় শিক্ষার হার সবচাইতে কম। দারিদ্র বিমোচনসহ মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন সূচকে যথেষ্ট পিছিয়ে রয়েছে এই জেলা। এই জেলার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ অবকাঠামো সর্বাধুনিক পর্যায়ের নয়। ফলে স্বভাবতই সবক্ষেত্রে সুনামগঞ্জের মানুষ পিছিয়ে আছে। এই মানবগোষ্ঠীকে উন্নয়নের মূল ¯্রােতে নিতে চাইলে কিছু বিষয়ে অগ্রাধিকার দিয়ে সরকারকে কাজ করতে হবে। ধীর গতিতে কিংবা সমান্তরাল উন্নয়ন কার্যক্রম চললে দেশের অন্য অঞ্চলের সমকক্ষ হতে পারা যাবে না কখনও। আমরা চাইব উন্নয়ন অবহেলিত সুনামগঞ্জে রেললাইন সম্প্রসারণের কাজটি অগ্রাধিকার ভিত্তিতে শুরু করে সরকার নিজের সদিচ্ছার বিষয়টি জনগণের অনুভূতিতে নিয়ে আসবেন।

