স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের (সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি) দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কোষাধ্যক্ষ পদে একজন এবং সাধারণ সদস্য পদে সাত জন।
কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহ আবু নাসের। সাধারণ সদস্যের সাতটি পদের বিপরীতে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও মঙ্গলবার সাংবাদিক পঙ্কজ দে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ কারণে অন্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এঁরা হলেন অ্যাড. বিশ্বজিৎ
চক্রবর্তী, অ্যাড. আব্দুর রায়হান জুয়েল, অ্যাড. আমিনুর রশিদ রনক, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, এনামুল হক চৌধুরী, মো. মশিউর রহমান ও অ্যাড. রমজান আলী।
আগামি ২৭ ডিসেম্বর সাধারণ সম্পাদকের একটি এবং সহসাধারণ সম্পাদকের দুটি পদে ভোট হবে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. সৈয়দ শামছুল ইসলাম এবং অ্যাড.সালেহ আহমদ। সহ সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেরেনূর আলী, অ্যাড. প্রসেনজিৎ দে, নোয়াজ উদ্দিন আহমদ ও অ্যাড. মো. আনোয়ার হোসেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী আগামি ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাঠাগারে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না। রিটার্নিং কর্মকর্তা হিসেবে আছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সোহেল রানা।


