শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের নির্বাচিত নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে শনিবার সন্ধ্যায় দায়িত্বভার গ্রহণ করেছেন। এই দিনে পাঠাগারের ই-লাইব্রেরি কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে। পাঠাগারের নবগঠিত কমিটিকে আমরা স্বাগত জানাই। পাঠাগার হলো একটি জাতির মস্তিস্কস্বরূপ। পাঠাগার চর্চা জাতির মননশীলতা বিকাশে সহায়ক হয়। পাঠাগারে সঞ্চিত থাকে সুদূর অতীত থেকে নিকট অতীতকালের ইতিহাস, ছড়ানো থাকে সাহিত্যের নানা দিগন্তের সৃষ্টিসম্ভার, বিশ্ব সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটে একটি সমৃদ্ধ পাঠাগারে। তাই সকল জাতিই পাঠাগার চর্চাকে উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরাও এর ব্যতিক্রম নই। আমাদের পূর্বপুরুষরা জ্ঞান-বিজ্ঞান অনুশীলনের অপরিহার্যতা বিবেচনায় রেখেই স্থানে স্থানে গঠন করেছেন পাঠাগার। জ্ঞানরাজ্যের নানা দিক দিয়ে সাজিয়েছেন সেগুলো। সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারটি আমাদের পূর্বপুরুষদের এক অনুপম সৃষ্টি। এটি এতদঞ্চলের একটি সমৃদ্ধ পাঠাগার ছিল। এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন শহরের শ্রদ্ধেয় ব্যক্তিরা। স্থানীয় প্রশাসন এখানে দু’হাত ভরে সহযোগিতা দিয়েছেন। দায়িত্ব পালনের সুদীর্ঘ ধারাবাহিকতায় এখন যারা সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদগুলোর দায়িত্ব গ্রহণ করলেন তাঁরা সকলেই শহরের বিদগ্ধ ও বিদ্বৎ সমাজের অংশ। সুতরাং তাঁদের দক্ষ হাতে পাঠাগারটি সামনের দিনে আরও বিকশিত অবস্থায় পৌঁছে এই অঞ্চলের পাঠাভ্যাস চর্চাকে নতুন মাত্রা দিতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস।
মহান স্বাধীনতা যুদ্ধে যে শহীদ মুক্তিযোদ্ধা বীরত্বগাঁথার দিক থেকে এই অঞ্চলের প্রবাদে পরিণত হয়েছেন সেই শহীদ জগৎজ্যোতি দাসের নামে পাঠাগারটির নামকরণ করা হয়েছিলো স্বাধনিতার পর পরই। মাঝখানে শহীদ মুক্তিযোদ্ধার নামটি অপসারিত হয়ে পড়ে এবং অনেক পরে আবারও সেটি যুক্ত হয়। আমাদের একটি জিনিস খটকা লাগে যে, পাঠাগারের নামের সাথে যুক্ত এই অমর মুক্তিযোদ্ধার নামটি যেন বরাবরই গৌণ অবস্থানে থেকে গিয়েছিলো। শনিবার যেদিন নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলেন সেদিন পাঠাগারের ই-লাইব্রেরি হিসেবে যে ওয়েব লিংকের উদ্বোধন করা হয়েছে সেখানে এর ঠিকানা দেয়া হয়েছে পাবলিক লাইব্রেরি নামে। কেন ওই ওয়েবলিংকটি কি শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতির নামে করা যেত না? এখানে অবধারিতভাবে যে প্রশ্নটি সামনে চলে আসে তাহলো পাঠাগারটির মূল নাম আসলে কি? পাবলিক লাইব্রেরি না শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার? মুক্তিযুদ্ধের চেতনার নামে যখন আমরা অহরহ কথা বলছি তখন এই প্রশ্নের মীমাংসা হওয়া খুব জরুরি।
আমরা শুনেছি এই সমৃদ্ধ পাঠাগারের বহু মূল্যবান সংগ্রহ খোয়া গেছে। বই খোয়া যাওয়া যদিও বহু পুরাতন চর্চা তারপরেও এটি যত স্বল্পতম মাত্রায় রাখা যায় তাই সকলের কাম্য থাকে। পাঠাগারে জ্ঞানের বিবিধ শাখায় আরও বহু বই সংগ্রহ জরুরি বলে পাঠানুরাগীরা বলে থাকেন। সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারটি সর্বতোভাবে একটি সমৃদ্ধ বই সংগ্রাহাগারে পরিণত হোক এবং তরুণ প্রজন্মের পাঠাভ্যাস বৃদ্ধিতে কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত হোক এটি শহরের সকরের প্রত্যাশা। আশা করি নতুন নেতৃত্ব নিজেদের যোগ্যতা বলে এখানে সফলতা প্রদর্শনে সক্ষম হবেন। বই সংগ্রহকালে বাংলাদেশ ও কলকাতার মননশীল প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর ক্যাটালগ সংগ্রহ করে সেখান থেকে বই বাছাই করা যেতে পারে। পাঠাগারে পাঠক সংখ্যা বাড়াতে হবে। ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে উৎসাহ দিতে হবে। নিয়মিত জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনাসভা-সেমিনারের আয়োজন করা যেতে পারে। স্থানীয় লেখকদের পৃষ্ঠপোষকতা দানে প্রতিষ্ঠানটিকে বিশেষ উদ্যোগ নিতে হবে। সর্বোপরি যে বীর মুক্তিযোদ্ধার নামে পাঠাগারটির নামকরণ তাঁকে সর্বসমক্ষে পরিচিত করার জন্য দৃষ্টান্ত স্থাপনকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবকিছু মিলিয়ে পাঠাগারটি সর্বোত্তম উপায়ে বিকশিত হোক এই আমাদের কামনা।
- রানীগঞ্জে ওবায়দুল কাদের- রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন আ.লীগ তা মেনে নেবে
- মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের- জায়গা পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী শিক্ষার জন্য মুক্ত পরিবেশ প্রয়োজন

