শান্তিগঞ্জের বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
প্রথম রোজা থেকে শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সবজি, খেজুর, দুধ, কলা, মাছ ও মাংসের চাহিদা আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তবে কোনো কোনো খাদ্য দ্রব্যের দাম বেশি থাকলেও সবজির বাজার সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। মাছ, মাংস ও কলার দামে অস্থিরতা রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।
রবিবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সকালের দিকে ক্রেতার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি বাজারেই বাড়তে থাকে ক্রেতাদের সংখ্যা। প্রায় সকল ক্রেতারই চাহিদা ইফতার সামগ্রী ক্রয় করা। কাচাবাজারে বেশি চাহিদা শাক সবজির। এছাড়াও শসা, লেবু, টমেটোরও চাহিদা রয়েছে ক্রেতাদের মাঝে। শাক সবজির দাম এতোটা বেশি না হলেও লেবুর দাম বেশি। খেজুর গত বছরের দামেই বিক্রি হচ্ছে। দেশি মাছ ও মাংসের দাম বেশি। ইফতার সামগ্রীর দোকানগুলোতে বিকাল থেকেই প্রচণ্ড ভিড় লক্ষ যায়। পেঁয়াজু, আলুচপ, সবজি বড়া, ছোঁলা, জিলাপী ও বিরিয়ানির চাহিদা ক্রেতাদের মধ্যে বেশি। উপজেলার পাথারিয়া বাজার, শান্তিগঞ্জ বাজার, নোয়াখালি বাজার, পাগলা বাজার, চিকারকান্দি বাজার ও আক্তাপাড়া মিনাবাজারের একই দৃশ্য।
আক্তাপাড়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক (বাংলা) ইমদাদুল হক বলেন, কাচাবাজারের প্রতিটি পণ্যের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। তবে মাছ ও মাংসের দাম একটু বেশি।
পাগলা বাজারের ব্যবসায়ী প্রহল্লাদ দেব নাথ ও আবদুল কাদির বলেন, কাচাবাজরে দাম এতোটা বাড়েনি। তবে লেবুর দাম বেশি।