সোহেল তালুকদার, শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ওই ইউপির বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান জিতু’র রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বুধবার বিকালে আদালতের আদেশের একটি অনুলিপি শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছেছে বলে জানা গেছে।
এর আগে (১৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে স্থগিতের এ আদেশ দেন। আদেশে বলা হয়, শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ইউপি নির্বাচনের সকল ভোট কেন্দ্রের ব্যালট পেপার গণনা ও সেই অনুযায়ী পুনঃ নির্বাচন করতে হবে। তাছাড়া শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের ২৮ নভেম্বর ২০২১ইং অনুষ্ঠিত নির্বাচনের নির্বাচনী ফলাফল বাতিল করার নির্দেশনা প্রদান করা হয় আদেশে।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানান, শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিতাদেশ অফিসিয়ালি পাইনি। এ বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের আইন শাখা রয়েছে। মামলা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ নভেম্বর। নির্বাচনে শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান জিতু নৌকা প্রতীকে ৩,২৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ মিয়া চশমা প্রতীকে ৪,০৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী কবির আহমদ মোটর সাইকেল প্রতীকে ৭৮৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান আনরস প্রতীকে ৬,৩৩৯ ভোট পেয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানু রহমান জিতু বলেন, গত ২৮ নির্বাচনে শিমুলবাঁক ইউনিয়নে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গণনায় ব্যাপক কারচুপি করা হয়েছে। আমি হাইকোর্ট বেঞ্চে প্রত্যেকটি ভোট কেন্দ্রের ব্যালট পেপার পুনরায় গণানার জন্য আবেদন করেছি। মহামান্য হাইকোর্ট আমার পক্ষে আদেশ দিয়েছেন।


