ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
আগামীকাল রবিবার থেকে সারা দেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলায় শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও মাদ্রাসায় সমমান দাখিল পরীক্ষা। মাদ্রাসায় ১টি পরীক্ষা কেন্দ্র, স্কুল পর্যায়ের ৩টি পূর্ণাঙ্গ ও ১টি সহকারি (সাব সেন্টার) পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, স্কুল পর্যায়ে ১৫টি ও মাদ্রাসা পর্যায়ের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নিচ্ছে। ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,৯১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ১৪৩ জন বেশি। এদের মধ্যে এসএসসি পরীক্ষায় ১,৬৫৬ জন ও মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা ২৬৩ জন।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব সৈয়দ রমিজ উদ্দিন ও গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো. তদবীব আলম বলেন, আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন অপেক্ষা শুধু পরীক্ষা গ্রহণের।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, পরীক্ষা নির্বিঘেœ শেষ করতে নিরাপত্তার বিষয়টি আমরা নিশ্চিত করেছি। আমাদের পুলিশ ফোর্স কেন্দ্রে উপস্থিত থাকবেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্ জামান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্র এলাকায় পরীক্ষা চলাকালীন সময়ে জনসমাগম, মিছিল, উচ্চস্বরে মাইক বাজানো বা লোকজন যাতে না যায় সে জন্য আজ মাইকিং করে সংশ্লিষ্ট এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হবে।


