সোহেল তালুকদার, শান্তিগঞ্জ
শান্তিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার ভোরে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামের নিজ বাড়ী থেকে ছাদিকুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে গণিগঞ্জ গ্রামের মৃত সৈয়দুর রহমানের পুত্র।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবেশী গণিগঞ্জ গ্রামের জিয়াউর রহমান ও লন্ডন প্রবাসী হাফিজ আজিজুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগে ছাদিকুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন গণিগঞ্জ গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে জিয়াউর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী জিয়াউর রহমানের সাথে প্রতিবেশী অভিযুক্ত ছাদিকুর রহমানের বিরোধ চলে আসছিল। গত শনিবার (২ অক্টোবর), বুধবার (৬ অক্টোবর) ও বৃহস্পতিবার (৭ অক্টোবর) কোন এক সময়ে অভিযুক্ত ছাদিকুর রহমান তার ফেসবুক আইডি থেকে যুক্তরাজ্য প্রবাসী গণিগঞ্জ গ্রামের মৃত ইরফান আলীর ছেলে হাফিজ আজিজুর রহমান ও বাদী জিয়াউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অশ্লীল ও মানহানিকর মন্তব্য পোস্ট করে। এতে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, সামাজিক যোগযোগ মাধ্যমে বাদী ও তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মানহানিকর লেখালেখি ও ছবি পোস্ট করে অপপ্রচারের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় রবিবার (১০ অক্টোবর) ছাদিকুর রহমান কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।
- ছাতকে ট্রাক-সিএনজির সংঘর্ষ নিহত ২, আহত ৩
- এক মেম্বার প্রার্থীর নাম নেই ভোটার তালিকায়, লিপিবদ্ধ হয়েছে অন্য ওয়ার্ডে


