শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ গ্রামে জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ পূর্ব হাটি গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী কল্পনা বেগম (৩৫), হুমায়ুন আহমদের স্ত্রী জমিরুন নেছা (৩০), মৃত. শামছুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬)। গুরুতর আহত অবস্থায় কল্পনা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গনিগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলম জানান, বিগত ১ বছর যাবৎ তার বোনের ক্রয়কৃত বসতবাড়িকে কেন্দ্র করে একই গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে ফয়জুর রহমান, মৃত ইরফান আলীর ছেলে জিয়াউর রহমানরা তাদের সাথে দাঙ্গা হাঙ্গামা ও একাধিক মামলা দায়ের করে হয়রানি করছে।
এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ৭টায় আমিরুন নেছা ও জাহাঙ্গীর আলমের বসতঘর ও দোকান ঘরে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ফয়জুর রহমান, জিয়াউর রহমান গংরা ভাংচুর শুরু করে। ভাংচুরের এক পর্যায়ে মারধর করে জাহাঙ্গীর আলম ও তাহার স্ত্রী ও অন্য একজন মহিলাকে আহত করে। দোকানের ড্রয়ার ভেঙ্গে ড্রয়ারে থাকা ৮০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।
এ ব্যাপারে ফয়জুর রহমানের কাছে জানতে চাইলে তিনি হামলা ও ভাংচুরের ঘটনা অস্বীকার করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, এই বিষয়ে আমার কাছে এখনও কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


