শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর এলাকায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। রোববার (২১ নভেম্বর) রাত ৮ টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের পুত্র খোকন দাস (২), সমীরণ দাসের পুত্র নিলয় দাস (৯) এবং লিপু চন্দের পুত্র প্রণব চন্দ (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রী দল শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওয়ানা হন। রাত ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির মাইক্রোবাসটি রাস্তার উপর পার্কিংয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গাড়ীর ছাদ উড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা ১১জন যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন। তাৎক্ষণিক খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


