শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার ভমবমি বাজারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম।
এসময় সঠিক মূল্য নির্ধারণ, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি ও ভোক্তা অধিকার বিরোধী অপরাধে দত্ত ব্রাদার্স—১ কে ৫ হাজার, ভাই ভাই দত্ত স্টোর ৫ হাজার, উত্তম স্টোর ৩ হাজার, মিসবাহ্ ফার্মেসি ২ হাজার ও তিন্নি স্টোর কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বিকালে অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শফিকুল ইসলাম। পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন তিনি।
তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়—বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে সহায়তা করেন র্যাব—৯ এর সদস্যরা।
এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে ভমবমি বাজারে অভিযান চালিয়েছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোক্তা অধিকার নিয়মিত কাজ করছে। জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।


