স্টাফ রিপোর্টার
হেফাজতে ইসলামের ডাকে প্রথম দিনের হরতাল সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করে নি। শহরের প্রধান প্রধান সড়কে দোকানপাট বন্ধ ছিল। অফিস-আদালত ব্যাংক খোলা ছিল। বিচালয়ে আওয়ামী আইনজীবীরাসহ অনেক আইনজীবী মামলার শুনানীতে অংশ নিয়েছেন।
শহরে রিক্সাসহ ছোট ছোট যানবাহনও চলতে দেয়নি হরতাল সমর্থকরা। ভোর থেকে হরতাল সমর্থকরা পথে পথে পিকেটিং করে। কোথাও কোথাও পিকেটারদের হাতে লাঠিসোটাও ছিল। হরতাল চলাকালে হরতালের সমর্থনে মিছিল করেছে হেফাজত।
শহরের পুরাতন বাসস্টেশন, স্টেশন রোড, নতুন বাসস্টেশন ও আলফাত স্কয়ার এলাকায় পুলিশ মোতায়েন ছিল।
মাঠে ছিল আওয়ামী লীগও
হরতাল চলাকালে শহরের আলফাত স্কয়ার, স্টেশন রোড এবং উকিলপাড়া এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা অবস্থান নেয় এবং হরতাল বিরোধী মিছিল করে।
বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের নেতৃত্বে রমিজ বিপণির কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করে।
এই মিছিলে অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের আহ্বায়ক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দোকার মঞ্জুর আহমদ, যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সংগঠনের নেতা লিখন আহমদ, হারুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১২ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল বের হয়। শহরের আলফাত স্কয়ার থেকে বের হওয়া মিছিল উকিলপাড়া পয়েন্টে গিয়ে শেষ হয়।
এই মিছিলে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, দলীয় নেতা সুবীর তালুকদার বাপ্টু, রশিদ বখ্ত নজরুল, মোবারক হোসেন, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, জাকির হোসেন শাহীন, নিজাম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল আজাদ রুমান, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুর রহমান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।




