পুলক রাজ
পৌর শহরের শান্তিবাগ ও হাছননগরের সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। সড়ক না থাকায় শুষ্ক মৌসুমে চলাচলের এই পথ দিয়ে যাতায়াত করা গেলেও বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। ওই সড়কের জন্য দুই এলাকার হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ১৬-১৭ বছর ধরে দুই এলাকার সড়ক মিলিত হওয়ার খবর শোনা গেলেও কাজ হচ্ছে না। সড়কটি নির্মিত হলে পৌর শহরের হাজীপাড়া, নতুনপাড়া, হাছননগর, বাঁধনপাড়া, শান্তিবাগ এলাকার জনগণের হাসপাতাল ও কলেজে যাওয়া সহজতর হবে। বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন।
হাছননগর এলাকার বাসিন্দা হাছান মিয়া বলেন, অনেক বছর ধরে হাছননগর ও শান্তিবাগ সংযোগ সড়ক করার দাবি করা হচ্ছে। কিন্তু কাজ হচ্ছে না। দুই এলাকার মানুষেরই ্চলাফেরা করতে সমস্যা হয়। ওই সড়ক সংযুক্ত হলে এলাকাবাসীর উপকার হবে। স্কুল কলেজে যাওয়া আসা সহজ হবে।
রমিজ আহমদ বলেন, দুই সড়ক সংযুক্ত হলে হাজারো মানুষের চলাচলে সুবিধা হবে। ছোট বেলা থেকে শুনে আসছি শান্তিবাগ ও হাছননগর সড়ক সংযুক্ত হবে, কিন্তু হচ্ছে না। বৃষ্টির সময় দুই রাস্তার মধ্যেও সামান্য কিছু অংশে পানি থাকে, চলাচলে সমস্যা হয়। অন্য পথ ঘুরে এই এলাকার বাসিন্দাদের চলাচল করতে হয় ।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ বলেন, হাসননগর থেকে শান্তিবাগের লিংক রোড করার জন্য দরপত্র হয়েছে। প্রথম অবস্থায় মাটির কাজ করা হবে। এরপর আরসিসি সড়ক হবে। আগামী ১৫ দিনের মধ্যেই এই সড়কের কাজ শুরু হবে। আশা করি বর্ষা মৌসুমের আগেই সড়কটির উদ্বোধন হবে।


