শামসুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দিরাই প্রতিনিধি
দিরাই-শাল্লা সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট ল কলেজের সাবেক ভিপি সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য এডিশনাল পিপি অ্যাড. শামসুল ইসলাম দিরাইয়ে গণসংযোগকালে মিথ্যা অপপ্রচারের অভিযোগ করছেন তৃণমুল নেতাকর্মীরা।
এছাড়াও বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন খবর নামসর্বস্ব অনলাইন পোর্টালে প্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার বিবিয়ানা মডেল  ডিগ্রী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ নৃপেন্দ্র তালুকদারের সভাপতিত্বে শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রভাষক ফয়জুননাহার,  অমরচাঁদ সরকার, কোরবান আলী খান, অনুকূল চন্দ্র দাস, কামরুল      ইসলাম, রাসেল চৌধুরী, আবদুল হেলিম, মো: জাকারিয়া, মুহিবুর রহমান, দুর্জয় তালুকদার, মাছুফি তাসরিফা, শর্মী রায় ও লাকী বেগম প্রমুখ।
তারা জানান গত ৪ অক্টোবর অ্যাডভোকেট শামসুল ইসলাম বোয়ালিয়া বাজার মন্দির, ধীতপুর ও বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজে মত বিনিময়ের কথা উল্লেখ করে এবং সেখানে অধ্যক্ষ নৃপেন্দ্র তালুকদার উপস্থিত ও বক্তব্য প্রদান করেছেন মর্মে যে খবর প্রচার করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন । শিক্ষকরা জানান, ঐ দিন  কলেজে কোন মতবিনিময় হয়নি, কোন পথসভা বা মতবিনিময় সভায়ও অধ্যক্ষ উপস্থিত ছিলেন না।
কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া জানান, আমাদের এমপি ড. জয়া সেনগুপ্তার নেতৃত্বে যখন আমরা ঐক্যবদ্ধ এবং এলাকার সার্বিক উন্নয়ন কাজ এগিয়ে চলছে, তখন শামসুল ইসলাম উনার আত্মীয় স্বজন ও অনুসারীদের নিয়ে দলের বিরুদ্ধে অপপ্রচার করে তৃণমূল নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বোয়ালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল মন্নান বলেন, শামসুল ইসলাম বাজারের মন্দির নিয়ে আলোচনার কথা  বললে আমি সেখানে উপস্থিত হই, কিন্তু সেখানে আমাদের অধ্যক্ষসহ অনেকেই উপস্থিত না থাকা সত্বেও  উপস্থিত ছিলেন বলে অপপ্রচার করা হয়েছে যা নিন্দনীয় ও দু:খজনক।