শাল্লায় ভিজিএফ’র চাল পাচারের দায়ে ইউপি সদস্যকে জরিমানা

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান কে ভিজিএফ’র চাল পাচারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
জানা যায়, ঈদ উপলক্ষে সরকার কর্তৃক ৭ টন ভিজিএফ চাল পায় টিপু সুলতান। কিছু চাল বণ্টন করে প্রায় ২০ বস্তা চাল বুধবার রাতে পাশের ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের বিভিন্ন লোকের ঘরে বস্তা পাল্টিয়ে বিক্রির জন্য রাখে টিপু সুলতান। এই ঘটনা শুক্রবার সকালে ফাঁস হলে ১ নং ওয়ার্ডের লোকজন নোয়াগাঁও গ্রামে গিয়ে পাচারকৃত ২০ বস্তা চালের মধ্যে ৬ বস্তা আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব ও ওসি কে জানানো হলে তারা দুপুর ১২টায় ঘটনা স্থলে গিয়ে চাল জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের কাছে টিপু সুলতান ভিজিএফ’র চাল পাচারের সত্যতা নিশ্চিত করেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, ইউপি সদস্য টিপু সুলতান চাল পাচারের কথা স্বীকার করেছে। আমরা নোয়াগাঁও থেকে পাচারকৃত ৩০০ কেজি চাল জব্দ করেছি। তবে চাল আরো বেশি ছিল, সেগুলো বিভিন্ন লোকের ঘরে সরিয়ে ফেলেছে। টিপু সুলতান কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সাজা প্রদান করা হয়েছে।