সুব্রত দাশ খোকন, শাল্লা
শাল্লা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২৮ মে শনিবার। এর মধ্যে চেয়ারম্যান পদে দুই ইউ/পিতে আওয়ামীলীগের প্রার্থীর সঙ্গে দলটির ‘বিদ্রোহী’ ও ১টিতে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীর ও অপর টিতে বি.এন.পি প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। গত দুই দিন যাবৎ ইউনিয়ন পর্যায়ে ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
ইউপি গুলো হলো বাহাড়া (সদর), শাল্লা, হবিবপুর ও আটগাঁও। বাহাড়া সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন। আওয়ামীলীগের প্রার্থী হলেন বিধান চন্দ্র চৌধুরী । অন্যদিকে তৃনমূল থেকে একক প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম পাঠালেও কেন্দ্র থেকে মনোনয়ন না পাওয়াতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নরেশ চন্দ্র চৌধুরী। অন্যজন হচ্ছেন উপজেলা বি.এন.পি’র সহসভাপতি বর্তমান চেয়ারম্যান মো: জাকির হোসেন। উনি কৌশলগত কারণে দলীয় মনোনয়ন না চেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই ইউনিয়নে লড়াই হবে ত্রি-মুখী।
শাল্লা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি মো: ছাত্তার মিয়া, দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা কৃষকলীগ সহ:সভাপতি জামান চৌধুরী (ফুল মিয়া) ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী । এই ইউনিয়নে বি.এন.পি প্রার্থী সিরাজুল ইসলাম। এখানে আওয়ামীলীগের মূল প্রার্থীর সাথে ২ বিদ্রোহী প্রার্থীর হাড্ডাহাডি প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা প্রবল।
হবিবপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ মজুমদার বকুল, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুবল চন্দ্র দাস ও বি.এন.পি থেকে প্রতিদ্বন্ধিতা করছেন শৈলেন চন্দ্র দাস। এই ইউনিয়নের অনেক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায় আওয়ামীলীগের প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর তীব্র প্রতিদ্বন্ধিতা হবে।
আটগাঁও ইউ/পিতে প্রার্থী ১০জন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত আবুল কাশেম আজাদ। দলীয় বিদ্রোহী প্রার্থীরা হলেন, খোরশেদ মিয়া, জোবায়ের মনির, ফজলু মিয়া, আব্দুর রহমান লিটন, জাকির হোসেন হান্নান, মো. সেলিম মিয়া, হাজিরুল ইসলাম। বি.এন.পি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ্-আল-নোমান, বিএনপির বিদ্রোহী মো. নজরুল ইসলাম। এই ইউনিয়নের অনেক ভোটরের সঙ্গে কথা বলে জানা যায় আওয়ামীলীগ প্রার্থী আবুল কাসেম আজাদ, বিদ্রোহী প্রার্থী খোরশেদ মিয়া, বিএনপি প্রার্থী আব্দুল্লাহ্ আল নোমান ও বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম এই চার প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্ধিতা হবে।
- শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- বিশ্বম্ভরপুরে নির্বাচনী প্রচারণা তুঙ্গে বিদ্রোহী প্রার্থীদের কারণে বিপাকে দলীয় প্রার্থীরা


