শাল্লার রাস্তা টঙ্গী দোকানের দখলে, নিরব প্রশাসন

পি সি দাশ (পীযূষ), শাল্লা
শাল্লা উপজেলা প্রশাসনের চোখের সামনে সদরের রাস্তাগুলো পর্যায়ক্রমে টঙ্গী ব্যবসায়ীরা দখল করছে। এতে করে স্কুল কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এসব দেখার পরও কেন প্রশাসন নিরব জনমনে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে ।  
রবিবার সকাল ১০ টায় সদরে প্রবেশ করেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশে থানার রাস্তার মধ্যে একটি টঙ্গী বসানো হয়েছে দেখে মন খুব খারাপ হল। গুরুত্বপূর্ণ এই রাস্তায় টঙ্গিটি কে বসিয়েছে বলতেই পাশে তোরা বস্ত্রালয়ের মালিক নিবারন দাশ এগিয়ে বলেন, এই সব দেখার জন্য কি কেউ নাই।
তিনি বলেন, শুনছি সুলতানপুর গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবিব রাইতে (রাত) আইনা এই টঙ্গীটা রাস্তার মাজখানে বওয়াইছে।
তিনি আরো বলেন এ বিষয়ে মৌখিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। জানানোর ৩ দিন অতিবাহিত হলেও টঙ্গীটা সরানো হয়নি বলে জানান।
এসময় পাশের রফিক কস্পিউটারের মালিক রফিক মিয়া বলেন, বাজারের রাস্তায় টঙ্গী বসানো নতুন নয়। পুর্বে আরো বসানো হয়েছে। কিন্তু এদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় এসব হচ্ছে। একারণেই রাস্তা দিয়া চলাচল করা কঠিন হচ্ছে।
এসময় পাশে পথচারী আনন্দপুর গ্রামের বিকাশ চক্রবর্ত্তী দামপুর গ্রামের আমিনুর মিয়া, কান্দকলা গ্রামের মনোরঞ্জন দাসসহ বেশ কয়েকজন বলেনÑ এটি কি কান্ড? রাস্তায় দোকান দিলে মানুষ চলবে কি করে ?
এনিয়ে টঙ্গীর মালিক হাবিবুর রহমান হাবিবের সাথে কথা হলে তিনি বলেন, রাস্তায় টঙ্গী কি শুধু আমি দিয়েছি? আরো অনেক টঙ্গী দোকন রাস্তায়   আছে। সবাই সরালে তিনিও সরাবেন বলে জানান।
থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন, বাজারের দায়িত্ব নির্বাহী কর্মকর্তার। তিনি আমাকে নির্দেশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, রাস্তায় যে সব টঙ্গী দোকান মানুষের যাতায়াতে বাধা সৃষ্টি করছে সে সব জরুরী ভিত্তিতে সরানো হবে।