শাল্লায় অফিস সহকারীর হামলায় এক সাংবাদিক আহত

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারীর হামলায় এক ঠিকাদার আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আহত ওই ঠিকাদার বাদল চন্দ্র দাস (৪৫) ঠিকাদারী ব্যবসার পাশাপশি তিনি দৈনিক জনবানী পত্রিকার শাল্লা প্রতিনিধি হিসাবে কাজ করেন। বুধবার সকাল সাড়ে ১১ টায় শাল্লা উপজেলা সদরের একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। বাদল চন্দ্র দাস এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, নিজের ঠিকাদারী প্রতিষ্ঠান অয়ন্তী এন্টারপ্রাইজ মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পর-২’এর সরকারি ঘর নির্মাণের ইট বালু, পাথর সরবরাহ করেন। মালামাল সরবরাহের প্রায় ৪৭ লক্ষ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাওনা রয়েছে তার।
এই টাকা পরিশোধের বিষয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করছেন ইউএনও আল মুক্তাদির হোসেন। বিষয়টি জেলা প্রশাসকসহ সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে লিখিতভাবে জানান তিনি। এরপরই অফিসের কর্মচারী সুব্রত কুমার দাস বুধবার বাদল চন্দ্র দাসের উপর হামলা করেন।
শাল্লা উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেছেন, ঘটনার কিছুই জানেন না তিনি। এই ঘটনার পর থেকে অফিস সহকারী সুব্রত দাসের মুঠোফোন বন্ধ রয়েছে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনকে গত ১৩ জানুয়ারি প্রত্যাহার করে দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরূপ রতন সিংহকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বললেন, আমি কর্মস্থলে ছিলাম না, বাদল চন্দ্র দাস কোন অভিযোগ করেছেন বলেও জানা নেই আমার।