শাল্লা প্রতিনিধি
শাল্লায় বাহারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) জাকির হোসেন প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ঘরে তার নির্বাচনী কার্যালয় স্থাপন করে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। চেয়ারম্যান প্রার্থীদের চোখের সামনে এই সব হচ্ছে কিন্তু সে দিকে নির্বাচন কমিশন দৃষ্টি দিচ্ছে না।
স্বতন্ত্র প্রার্থী নরেশ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন প্রভাব খাটিয়ে এসব কাজ করছেন। নির্বাচন আচরণ বিধি অনুযায়ী সরকারী আধা সরকারী কোন ভবনে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় নিষেধ থাকলেও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন সব করে যাচ্ছেন। এসব কর্মকান্ড বন্ধ না হলে তিনি লিখিত অভিযোগ করবেন বলে এ প্রতিবেদককে জানান।
উল্লেখ্য, জাকির হোসেন বিএনপির উপজেলা কমিটির একজন নেতা। এবার নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষের প্রতি আস্থা হারিয়ে তিনি আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
নির্বাচন আচরণবিধি নিয়ে উপজেলা নির্বাচন অফিসার হাউজুল কবির খান বলেন, ‘এরকম কোন অভিযোগ পাইনি। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে এবং লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।


