শাল্লায় চেয়ারম্যান পুত্রের কাণ্ড

স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরীর বড় ছেলে মিল্টন চৌধুরীর (২২) বিরুদ্ধে ইউনিয়নের নাইন্দা গ্রামের পক্ষাঘাতগ্রস্ত রোগী দয়ানন্দ দাশ (৫৭)কে রড দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আহত রোগী দয়ানন্দ দাশকে শনিবার রাত ৯টায় মুমূর্ষু অবস্থায় শাল্লা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা বেগতিক দেখে রাত্রেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২/৩   
 দিন পূর্বে দয়ানন্দ দাশের নাম ভিজিডি এর তালিকায় ইউনিয়ন পরিষদে অন্তর্ভূক্ত হয়। কিন্তু চেয়ারম্যান পুত্রকে কে বা কারা জানায় দয়ানন্দ দাশের নাম ভিজিডি-তে অন্তর্ভূক্ত করো না। গত নির্বাচনে তোমার বাবাকে সে ভোট দেয় নাই, উল্টো তোমার বাবার নাম ধরে গালিগালাজ করেছে। এর জের ধরে চেয়ারম্যান পুত্র ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৮ টায় দয়ানন্দ দাশকে ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে বাড়ী যাওয়ার পথে রড দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।
শাল্লা হাসপাতালের চিকিৎসক ডা. হেলাল উদ্দিন বলেন, ‘এমনিতেই সে পক্ষাঘাতগ্রস্ত রোগী তার উপর মাথার সামনে, পেছনে ও বুকের মধ্যে আঘাতের কারণে রোগীর অবস্থা বিবেচনায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
মিল্টন চৌধুরী দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ আমার সামনেই আমার বাবাকে গালিগালাজ করার কারণে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে নিজেই হোঁচট খেয়ে পড়ে গিয়ে আঘাত পায়।’
শাল্লা থানার ওসি বজলার রহমান বলেন, ‘এ ব্যাপারে কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’