শাল্লায় ছাত্র লীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ২০

স্টাফ রিপোর্টার
শাল্লায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১০ জনকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ২ টায় শাল্লা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরীর নেতৃত্বে একাংশ এবং যুগ্ম আহ্বায়ক সন্দীপন চৌধুরীর নেতৃত্বে আরেকাংশ শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল বের করে। দুটি মিছিল শাল্লা উপজেলা সদরের জুয়েল ফার্মেসীর সামনে মুখোমুখী হলে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত ১০ জনকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,‘উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী ও সন্দীপন দাসের মধ্যে ব্যক্তিগত বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে শামীম আহমদ নামের একজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। অন্য কেউ আহত হয়েছে বলে জানা নেই আমাদের।’