স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লায় পর্চা জালিয়াতির দায়ে নীতিশ পুরকায়স্থ নামে দলিল লেখক কে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টায় উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও তহশীল অফিসে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
জানা যায়, সোমবার হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত. যতীন্দ্র পুরকায়স্থের ছেলে দলিল লেখক নীতিশ পুরকায়স্থ দিরাই উপজেলার জয়পুর গ্রামের চাকুয়া মৌজার একটি দলিল লিখতে গিয়ে জাল পর্চা তৈরি করেন। সেই পর্চা তিনি নিজে তহশীল অফিস থেকে আনতে গেলে অফিসের লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীতিশকে আটক করে।
সাবরেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ইতিপূর্বে জালিয়াতির দায়ে নীতিশ পুরকায়স্থ লিখিত মুছলেকা দিয়েছে সাবরেজিস্ট্রারের নিকট। তারপরও সে দুর্নীতি অনিয়ম কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
পুলিশের হাতে আটক নীতিশ পুরকায়স্থ বলেছেন, এই জালিয়াতি পর্চা আজিজ মিয়া নামে একজন তৈরি করেছে। সে রহমতপুর গ্রামের মৃত. ইছিন মিয়ার ছেলে এবং সিলেট সেটেলমেন্ট অফিসে পিয়নের চাকুরী করছে। আজিজ মিয়া বলেছেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না।


