মামলার আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অপু
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শাল্লা থানার এসআই শাহ আলী’র উপর সশস্ত্র হামলা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২ টায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসাবে পরিচিত অরিন্দম চৌধুরী অপুসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১২ টায় থানা থেকে নিজের বাসভবনে ফেরার সময় থানার দক্ষিণ পাশের মাঠের কাছাকাছি এলে অরিন্দম চৌধুরী অপুর নেতৃত্বে ৫-৬ জন সশস্ত্র যুবক এসআই শাহ আলী’র উপর হামলা চালায়। তারা লোহার রড ও পাইপ দিয়ে তার উপর আঘাত করে।
শাহ আলীর চিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। রাতেই আহত শাহ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ রাতেই উপজেলার নাইন্দা গ্রামের অনিল বরন চৌধুরীর ছেলে অরিন্দম চৌধুরী অপু (৩৮), ঘুঙ্গিয়ারগাও গ্রামের নারুগোপাল রায়ের ছেলে রতন রায় (২৮) ও বাহাড়া গ্রামের মিষ্টলাল দাসের ছেলে সেন্টু দাস (২৩) কে গ্রেপ্তার করে।
এসআই শাহ আলী স্থানীয় সাংবাদিকদের জানান, অপুর সঙ্গে তার ব্যক্তিগত কোন বিরোধ নেই। নোয়াগাঁওয়ে হামলার ঘটনার পর ফেসবুকের একটি স্ট্যাটাস দেওয়া নিয়ে তিনি থানায় জিডি করেছিলেন। এই বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগতভাবে ব্যবস্থা নিয়েছেন তারা। তার সঙ্গে কোন শত্রুতা নেই তার।
অপুর ভাই অ্যাডভোকেট রাহুল চৌধুরী বললেন, মাওলানা মামুনুল হকের সমালোচনা করা একটি ফেসবুক স্ট্যাটাসের শেয়ার দিয়েছিলেন অপু, পরে তাকে নানাভাবে হুমকি দেয়া হয়। এ নিয়ে গত ১০ এপ্রিল শাল্লা থানায় জিডি করেছিলেন অপু। এই জিডির কয়েকটি নাম প্রত্যাহারসহ কিছু বিষয় সংশোধন করার জন্য এস আই শাহ আলী অপুকে বলেছিলেন। এই বিষয়টি পুলিশ সুপারকে জানানোয় ক্ষুব্ধ ছিলেন শাহ আলী। সোমবারের ঘটনা সাঝানো হতে পারে বলেও দাবি করলেন রাহুল।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এসআই শাহ আলী কাজ শেষে রাতে বাসভবনে ফেরার সময় তার উপর হামলা হয়েছে। হামলার সময় অপু ও রতনকে শাহ আলী চিনেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের মধ্যেই এই বিষয়ে পুলিশ এসল্ট মামলা হবে। তিনি জানান, গ্রেপ্তারকৃত অপু ও রতন ঘটনার সময় মদ্যপান করেছিল বলে চিকিৎসক জানিয়েছেন।
জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু বললেন, শাল্লায় যুবলীগের কোন কমিটি নেই। অরিন্দম চৌধুরী অপু যুবলীগের কেউ নয়। তাকে যুবলীগের পরিচয় দেওয়া ঠিক হবে না।
- চামরদানি ইউপি চেয়ারম্যানের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
- সদর হাসপাতালে বখাটের হাতে চিকিৎসক লাঞ্ছিত, এক বখাটে আটক


