শাল্লায় বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা

স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের যাতায়াতের জন্য সড়কে একটি ছোট বক্স কালভার্ট নির্মাণ করছে বাহাড়া ইউনিয়ন পরিষদ। আঙ্গারুয়া গ্রামের কিছু লোকজন এই কাজেও বাধা দিচ্ছেন। এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের নিকট পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন আঙ্গাউড়া- নোয়াগাঁও গ্রামের লোকজন।
জানা যায়, সরকারি অতিগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বর্ষায় যাতায়াতের জন্য দিরাই-শাল্লা সড়ক হতে বিদ্যালয় পর্যন্ত মাটির সড়ক নির্মাণ করা হচ্ছে। সড়কটি টেকসই করতে ও জলাবদ্ধতা দূরিকরণের লক্ষ্যে কালভার্টও নির্মাণ করছে কর্তৃপক্ষ।
আঙ্গারুয়া গ্রামের বাসিন্দা ব্রজবাসী দাস, রঞ্জিত দাস জানান, সড়কের কাজও হচ্ছে গ্রামের শিশুদেও যাতায়াতের সুবিধার্থে। পানি নিষ্কাষণের ব্যবস্থা রাখতে বাধা দিচ্ছে গ্রামের কিছু লোক। এটি ঠিক হচ্ছে না।
নওয়াগাঁও গ্রামের দিলিপ দাস, দেবেশ দাস, নিপেন্দ্র দাস সহ বেশ কয়েকজন বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ও সরকারের উন্নয়ন কাজে বাধা দিচ্ছে আঙ্গারুয়া গ্রামের কিছু লোকজন। যা ভাল দেখাচ্ছে না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পিযুষ দাস বলেন, প্রশাসন প্রয়োজন মনে করেই বিদ্যালয়ের সড়কে একটি ছোট কালভার্ট নির্মাণ করছেন। কিন্তু আঙ্গারুয়া গ্রামের কিছু লোক কাজে বাধা দিচ্ছে। তাঁদের দাবি নওয়াগাঁও গ্রামের পানি না কি তাদের গ্রামের দিকে চলে যাবে। তারা নওয়াগাঁও গ্রামের পানি তাদের গ্রামের দিকে নামতে দিতে চাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন অবশ্য বলেছেন, সব কিছু যাচাই করে প্রয়োজন আছে বলেই এই কালভার্টটি দেওয়া হচ্ছে। কাজ নিয়ে দুই গ্রামের পাল্টাপাল্টি অভিযোগ। সবকিছু বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।