শাল্লা প্রতিনিধি
শাল্লায় মোটর সাইকেল দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছে। নিহত আক্কাস মিয়া (৫৫) সুলতানপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার বেলা দেড়টায় উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের নিকটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আক্কাস মিয়া ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। এসময় ঘুঙ্গিয়াগাঁও কলেজ রোডের বাসিন্দা অরুন দাসের ছেলে হৃদয় দাস (২১) মোটর সাইকেল নিয়ে পেছন থেকে আক্কাস মিয়াকে ধাক্কা দেন। এতে আক্কাস মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আক্কাস মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেটে যাওয়ার পথে ঘুঙ্গিয়ারগাঁও ব্রীজের ওখানেই আক্কাস মিয়া মারা যান।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে মোটর সাইকেল চালক হৃদয় দাস কে আটক করা হয়েছে।


