শাল্লা প্রতিনিধি
শাল্লায় সড়ক দুর্ঘটনায় বাদল দাস (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আনন্দপুর গ্রামের পাশে দিরাই-শাল্লা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদ সদস্য বিশ্বরূপ দাস নিজের ট্রাক্টর চালিয়ে শাল্লা সদর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে আনন্দপুর গ্রামের শেখহাটির নিকটে সড়ক থেকে ট্রাক্টর উল্টে নিচে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা হবিবপুর গ্রামের মানিক দাসের ছেলে বাদল দাস ট্রাক্টর চাপায় মারা যায়।
এসময় পাশের গ্রামের শেখ হাটির আব্দুস শহীদ সহ বেশ কয়েকজন গিয়ে আহত বাদল ও ট্রাক্টর চালক ইউপি সদস্য বিশ্বরূপকে উদ্ধার করে শাল্লা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শ্রমিক বাদল দাস কে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে গাড়ি চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।


