শাল্লায় ২ হাজার লিটার চুলাই মদসহ ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, শাল্লা
হাওর বেষ্টিত উপজেলা শাল্লায় ২ হাজার লিটার চুলাই মদ তৈরির উপকরণ সহ ৫ জনকে গ্রেফতার করছে পুলিশ।
জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন ও অফিসার ইনচার্জ নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা আটগাঁও ইউনিয়নের চিকাডুপি গ্রামে মাদক বিরোধী অভিযান চালান। অভিযানে চুলাই মদ তৈরির কাজে ব্যবহৃত ৩২ টি ড্রামসহ মদ তৈরির কাজে নিয়োজিত ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শাল্লার চিকাডুপি গ্রামের মতি মিয়ার ছেলে আহাদ নুর (২২), ইয়াসিন মিয়ার ছেলে রাজিব আলী (৩৫), নারকিলা গ্রামের আজমান মিয়ার ছেলে আকলিম মিয়া (৩৬), সরিফপুর গ্রামের আশাদ আলীর ছেলে মহিবুর মিয়া (৩০), কামালপুর (নোয়াগাঁও) গ্রামের জাহেদ মিয়ার ছেলে সফিকুল মিয়া (৩৫)।
বেলা সাড়ে ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই অভিযানে মদ তৈরির উপকরণ সহ ৩২ টি ড্রাম, ২ টি গ্যাসের চুলা, ৫ টি সিলভারের কলস উদ্ধার করে পুলিশ।
বিকাল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আহাদ নুর (২২), রাজিব আলী (৩৫), আকলিম মিয়া (৩৬) ৩ জনকে ১ বছর করে কারাদ- সহ ১০০ শত টাকা জরিমানা করা হয়। অন্য ২ জনকে আদালত বেকসুর খালাস দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মুক্তাদির হোসেন।
থানার অফিসার ইনচার্জ নুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। এসময় ৩২ ড্রাম দেশিয় চুলাই মদ তৈরির উপকরণ সহ ৫ জনকে গ্রেফতার করি।