শাল্লা হাসপাতালের উদ্বোধনী ফলকে স্বাধীনতা বিরোধী সাকা চৌধুরীর নাম

সুব্রত দাশ (খোকন), শাল্লা
শাল্লা উপজেলার একমাত্র সরকারী হাসপাতল শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির উদ্বোধনী ফলকে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী নাম থাকায় শাল্লার মুক্তিকামী জনতা ও সুশীল সমাজের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে এরশাদ সরকারের আমলে ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ৩১ শয্যা বিশিষ্ট শাল্লা সরকারী হাসপাতালটির কাজ শুরু হয় এবং কাজ শেষে ১৯৮৭ সালের ১০ ফেব্রুয়ারী হাসপাতালটির উদ্বোধন করেন তখনকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী। উদ্বোধনী ফলকটি আজও বিদ্যমান।  
সরজমিনে হাসপাতালের দক্ষিণ দিকের সম্মুখ ভাগে দেখা যায়, উদ্বোধনী ফলকে “শাল্লা উপজেলা স্বাস্থ্য প্রকল্পের শুভ উদ্বোধনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী, তারিখ: ১০-০২-১৯৮৭ ইং লেখা দেখতে পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের অন্তত ১০জন কর্মকর্তা-কর্মচারী ক্ষোভের সঙ্গে দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ প্রতিদিন হাসপাতালে আসতে যেতে আত্মস্বীকৃত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম দেখি, স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধীর নাম হাসপাতালের উদ্বোধনী ফলকে আছে, এটা দেখলে মনটা ঘৃণায় ভরে উঠে।’
শাল্লা উপজেলা প্রেসক্লাবের একাংশের সভাপতি জয়ন্ত সেন বলেন,‘ স্বাধীনতার ৪৬ বছর পর এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা সত্ত্বেও উদ্বোধনী ফলকে আজও যুদ্ধাপরাধী সালাউদ্দিন    
কাদের চৌধুরীর নাম থাকা শাল্লার জন্য কলঙ্কের।  
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সত্তার মিয়া বলেন,‘ যে লোকটা বাংলাদেশ নামক দেশটার জন্ম হউক এটাই চায়নি অথচ সেই বাংলাদেশের একটা সরকারী হাসপাতালের উদ্বোধনী ফলকে তার নাম স্বাধীনতার ৪৬ বছর পরও রয়েছে। এটা শাল্লার জন্য কলঙ্কের। আমরা বিষয়টা জেলা আওয়ামী লীগকে অবহিত করে উদ্বোধনী ফলকটির ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করব।
শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোপীকা রঞ্জন দাশ বলেন,‘ যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। কিন্তু আমাদের হাসপাতালটির উদ্বোধনী ফলকে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম থাকায় আমরা শাল্লাবাসী আজও কলঙ্কমুক্ত হতে পারি নাই। এটা আমাদের জন্য চরম অপমানের।