স্টাফ রিপোর্টার
সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের রংপুর গ্রামের কান্দিগাঁওয়ে অবস্থিত হযরত শাহ আরেফিন (রহ.) মাজারে গাছের চারা রোপন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। বুধবার বিকালে তিনি মাজার প্রাঙ্গণে এই গাছের চারা রোপন করেন।
ওইদিন মাজারের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। গাছের চারা রোপনের পর মাজারের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। মাজারে নিরাপদ পানি সংকট নিরসনে পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের ডিও লেটারের মাধ্যমে অনুমোদন হওয়া সদ্য স্থাপিত গভীর নলকূপ দেখেন এবং পানি পান করেন। পরে মাজার প্রাঙ্গণে বসে অল্পক্ষণ ভক্তবৃন্দের সাথে কথা বলেন এবং তাদের মুখে মাজারের নানা সমস্যার কথা শুনেন। মাজারের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এ সময় মাজারের ভক্তবৃন্দের অনুরোধে মাজারের পাশে বসবাসকৃত প্রয়াত খাদেম আব্দুল মালেকের স্ত্রী অসহায় ফাতেমা বেগমকে একটি ঘর তৈরি করে দেয়ার ব্যবস্থা নিতে জেলা প্রশাসক নির্দেশ দেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা একটি ঘর বরাদ্দ দেয়ার আশ্বাস দেন। এই মাজারের সন্নিকটে নির্মাণাধীন একটি মসজিদ উন্নয়নের আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
গাছের চারা রোপনকালে রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রব কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি শামস শামীম, দৈনিক সুনামগঞ্জের খবরের যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন, চৈতন্য প্রকাশনের প্রধান নির্বাহী রাজীব চৌধুরী, মাজার পরিচালনা কমিটির সভাপতি হাবিলদার (অব.) আব্দুল মান্নান বীরমুক্তিযোদ্ধাসহ মাজারের ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- পরিকল্পনামন্ত্রীর রোগ মুক্তি কামনায় জগন্নাথপুরে বিশেষ প্রার্থনা
- তাহিরপুরে কিশোরী ধর্ষিত, ধামাচাপা দেয়ার চেষ্টা


