স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় প্রধান শিক্ষিকাকে বেধড়ক মারধর করেছে সুদখোর মহাজন। বৃহস্পতিবার দুপুর ২টায় তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সুদখোর মহাজন মোফাজ্জলকে বিকাল ৪টায় আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আহত শিক্ষিকা তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সুলেমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবী রাণী তালুকদার জানান, দু’বছর আগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের আব্দুল হকের পুত্র সুদখোর মহাজন মোফাজ্জলের নিকট থেকে প্রতি হাজারে ১০ টাকা সুদে এক লক্ষ টাকা নেন তিনি। বিনিময়ে তিনি প্রতি মাসে সুদখোর মহাজনকে দশ হাজার টাকা করে দিয়ে আসছিলেন। তাহিরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অজয় কুমার দে’র মধ্যস্থতায় ৬০ হাজার ও ৫০ হাজার টাকার ২টি চেক দিয়ে মোফাজ্জলের সাথে লেনাদেন নিস্পত্তি করা হয়।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে বলেন, সুদের টাকার জন্য একজন প্রধান শিক্ষিকাকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মারধর করা জঘন্যতম অন্যায় কাজ। আমরা শিক্ষক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আহত প্রধান শিক্ষিকা বেবী রাণী তালুকদারের স্বামী তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুক বলেন, আমার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করে বিষয়টি অবগত করেছি। তিনি তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিতে বলেছেন। সে মোতাবেক আমার স্ত্রী বাদী হয়ে মোফাজ্জলকে আসামী করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রধান শিক্ষিকাকে বেধড়ক মারধরের অভিযোগে সুদখোর মোফাজ্জলকে আটক করা হয়েছে। আটককৃত মোফাজ্জলকে বিচারের জন্য তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হবে।


