শিক্ষক ও ক্লাসরুম সংকটে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়

শহীদ নূর আহমেদ
সুনামগঞ্জ  উচ্চ বালিকা বিদ্যালয়  শিক্ষার্থী  সংখ্যার  দিক দিয়ে পৌরসভার সবচেয়ে বড় বেসরকারি বালিকা বিদ্যালয়। শহরের অন্যতম  শিক্ষা প্রতিষ্ঠান  সরকারি সতীশ চন্দ্র (এসি) বালিকা বিদ্যালয়ের পরেই এর স্থান। সরকারি এসি বালিকা বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম কড়াকড়ি ও জিপিএর বাধ্যবাধকতায় ব্যর্থ  হয়ে  প্রতিবছর শহরতলী ও শহরের আশপাশের শত শত ছাত্রী সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে  ভর্তি হন। এতে দিন দিন অভিভাবক ও ছাত্রীদের কাছে  কদর বেড়েছে  সুনামগঞ্জ উচ্চ বালিকার । তবে  প্রতিষ্ঠানটিতে দিনকেদিন  শিক্ষক ও ভবন সংকট চরম হয়ে উঠেছে। শিক্ষক ও ভবন সংকটের কারণে মানসম্মত পাঠদানে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের । অভিজ্ঞ ও মানসম্মত শিক্ষক নিয়োগ এবং নতুন ভবন নির্মাণ না হলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নত করা যাবে না বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ।
জানা যায় ,বর্তমানে এই প্রতিষ্ঠানে ছাত্রী সংখ্যা  ১৬৩৪ জন।  এতো বৃহৎ পরিমাণ শিক্ষার্থীর জন্যে প্রধান শিক্ষকসহ এমপিওভূক্ত  শিক্ষক আছেন  মাত্র ৯ জন। শিক্ষক ও শিক্ষার্থীদের হার বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি শিক্ষকের ভাগে পড়বে ১৮১ জন ছাত্রী। সরকারি হিসাব মতে একটি ক্লাসে ৬০ জন শিক্ষার্থী পাঠদানের কথা থাকলেও  শিক্ষক ও ক্লাসরুম সংকট থাকায় বাধ্য হয়ে একেকটি ক্লাসে ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থীকে পাঠদান করান একেক জন শিক্ষক। তবে খন্ডকালীন কয়েক জন শিক্ষক দিয়ে পাঠদান কোনভাবে স্বাভাবিক রাখার চেষ্টা করে থাকেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষক স্বল্পতার বিষয়টি বার্ষিক , জেএসসি ও এসএসসি ফলাফলে প্রভাব পড়ছে বলে দাবি শিক্ষক ও ছাত্রীদের।  এসএসসি ও জেএসসি পরীক্ষায় ফলাফলে পাশের হার বাড়লেও জিপিএ  তেমনটা  বাড়ছে না। জেএসসি  
পরিক্ষায় পাশের হার ৯০% ও  এসএসসি পরীক্ষার পাশের হার ৮২ % হলেও  দুই পরীক্ষায়  জিপিএ-৫ একটাও আসেনি।
দ্বিতল বিশিষ্ট এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে ব্যাপক ক্লাসরুম সংকট।  বিজ্ঞানাগার ও কম্পিউটার রুম নিয়ে ক্লাস রুম রয়েছে মাত্র ১৮ টি। যা ছাত্রীদের তুলনায় অতি নগণ্য। শিক্ষক সংকট ও সরকারি অনুমতির বাধ্যবাধকতার কারণে এক সিফটে চালানো হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। একটি ব্যাঞ্চে গাদাগাদি করে বসতে হয় ৮ থেকে ৯ জন ছাত্রীকে। । এতে করে মানসম্মত পাঠদান ব্যাহত হয়। নেই শিক্ষার্থী কমনরুম ও  মিলনায়তন। ক্লাস ও বারান্দায় অবসর সময় পার করতে হয় শিক্ষার্থীদের। জাতীয় দিবস ও নানা অনুষ্ঠান পালনে বিদ্যালয়ের বিশ গজ মাঠই  এক মাত্র ভরসা। স্থান না হওয়ায় প্রায় সময় বড় আকারের অনুষ্ঠানগুলি বাণিজ্যিক অডিটরিয়ামে পালন করেন বলে জানান  বিদ্যালয় কর্তৃপক্ষ।
 মিলি আক্তার ও জান্নাতুন ফেরদৌসি নামে দশম শ্রেণী দুই ছাত্রী বলেন, আমাদের বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা প্রচুর। কিন্তু এতো ছাত্রীর জন্যে শিক্ষক পর্যাপ্ত নয়। কয়েক জন খন্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান নিয়মিত হলেও মানসম্মত পাঠ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ক্লাসরুমের আকার অনেক ছোট। প্রতি ক্লাসে শ’য়ের উপরে শিক্ষার্থী থাকে। একেকটি ব্যাঞ্চে ৮ থেকে নয় জন ছাত্রী গাদাগাদি করে বসি। এতে ক্লাস করতে আমাদের অনেক কষ্ট হয়।
মিতা তালুকদার নামে আরেক শিক্ষার্থী বলেন, বিদ্যালয়ে কোন মিলনায়তন নেই। মাঠের আকারও অনেক ছোট। খেলাধুলা ও অনুষ্ঠান আয়োজন করতে আমাদের অনেক সমস্যা হয়। ছোট একটি লাইব্রেরী রুম থাকলে সেখানে বসার কোন স্থান নেই।
এদিকে শিক্ষক ও ভবন সংকটের পাশাপাশি রয়েছে বিদ্যালয়টিতে এমএলএসএস, তৃতীয়, চতুর্থ শ্রেণী  কর্মচারীর সংকট। অনুমোদিত পদগুলো শূন্য থাকায় মাষ্টার রুলে চলছে বিদ্যালয়ের দাপ্তরিক প্রশাসনিক কাজ।
প্রতিষ্ঠানটির এমন অবস্থায় শিক্ষার্থী  ও বিদ্যালয়ের  ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক শিক্ষকরা । পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ক্লাসরুম নির্মাণে সরকারি উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
প্রধান শিক্ষক নাসিমা রহমান বলেন, প্রতিষ্ঠানটিতে শিক্ষক সংকট চরম। ১৬৩৪ জন শিক্ষার্থীর জন্যে যেখানে ৩০ জন শিক্ষক থাকার কথা সেখানে রয়েছে মাত্র ৯ জন।  কয়েকজন খন্ডকালীন শিক্ষক দিয়ে পাঠ কার্যক্রম কোনভাবে স্বাভাবিক রাখা হয়েছে। কিন্তু অভিজ্ঞ শিক্ষক না থাকায় ছাত্রীদের মানসম্মত পাঠদান দিতে আমাদের হিমশিম খেতে হয়। শিক্ষকদের আন্তরিকতায় প্রতিবছর এসএসসি ও জেএসসি পরিক্ষায় পাশের হার অন্যান্য স্কুল থেকে ভাল এসেছে।  পর্যাপ্ত শিক্ষক নিয়োগ হলে  আমরা জিপিএ-৫ অর্জনেও সফল হতে পারতাম।  তিনি বলেন, বিদ্যালয়ে ভবন সংকট চরম। ক্লাসরুমের স্বল্পতার কারণে অনেক কষ্ট করে ক্লাস করছে ছাত্রীরা। শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসনে সরকারি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর কামনা করছেন তিনি।