শিক্ষাই পারে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করতে -পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, শিক্ষাক্ষেত্রে আমাদের অবস্থান ৬৪ জেলার মধ্যে ৬৩ নাম্বারে। আমি মনে করি এটা আমাদের জন্য সব চাইতে বড় দুর্যোগ। আমাদেরকে এই দুর্যোগ থেকে বের হয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, আমরা হাওর এলাকার মানুষ। বোরো ফসল আর মাছ ধরায় আমাদের জীবনকে বন্দি করে রেখেছি। যে কারণে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না । আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা। শিক্ষাই পারে পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে। তিনি বলেন, দেশের তরুণ জনশক্তিকে যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারি তাহলে আমরা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারব।
হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের নব সংস্কারকৃত মাঠের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আহমদের পরিচালনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সত্যব্রত দাশ, সহকারী প্রধান শিক্ষক সাইফুর ইসলাম, জাপা নেতা মো. শওকত আলী, ইউপি সচিব মহিতোষ চৌধুরী, ইউপি মেম্বার মনসুর চৌধুরী, আয়না মিয়া, জাপা নেতা ফারুখ আহমদ, সহকারী শিক্ষক চয়ন কুমার তালুকদার, আব্দুস ছত্তার, শিক্ষার্থী ফারহানা বেগম, সমাপ্তি দাশ প্রমুখ।
এর আগে সদর উপজেলার বড়ঘাট পয়েন্টে মাদীনাতুল খাইরী আল-ইসলামী ইউ.কে’র প্রতিষ্ঠিত মাদীনাতুল খাইরী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, গ্রামের মুরুব্বি আব্দুল খালিক (কাছা মিয়া) মাও. এমদাদুল হক, মাও. সৈয়দ সাহিদ আহমদ, মঈনুল হক, মাও. মনসুর আলম, মেম্বার নুরুল হক, মো. ফারুখ আহমদ প্রমুখ।