সিলেট অফিস
কিংবদন্তিতুল্য শিক্ষাবিদ, পদার্থবিজ্ঞানী প্রফেসর ছদরুদ্দিন আহমদ চৌধুরীর নাগরিক শোকসভা আগামী ১১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া আলোচক হিসেবে দেশের বিশিষ্ট শিক্ষাবিদেরা উপস্থিত থাকবেন।
‘হিউম্যান ইনসুলিন’ প্রফেসর ছদরুদ্দিনের মৌলিক আবিষ্কার। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। এর বাইরে তিনি আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও দায়িত্ব পালন করেন। ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠক এই কিংবদন্তিতূল্য মানুষটি গত ২৩ জুলাই মৃত্যুবরণ করেন।
প্রয়াতের গুণগ্রাহীসহ সর্বস্তরের মানুষকে শোকসভায় উপস্থিত হওয়ার জন্য ডক্টর ছদরুদ্দিন আহমদ চৌধুরী নাগরিক শোকসভা উদ্যাপন পর্ষদের আহ্বায়ক সিলেটের মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিন ও সদস্য-সচিব সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব অনুরোধ জানিয়েছেন।


