শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার সঠিক নয় -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন,‘আগে কোনো দিন প্রবীণদের নিয়ে কেউ ভাবতেন না। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণদের জীবন জীবিকা ও যথাযথ মর্যাদা নিয়ে ভাবছেন। ইতোমধ্যে তিনি দেশের সকল প্রবীণের জন্য বয়স্ক ভাতা চালু করেছেন। প্রবীণেরা জীবনের শেষ প্রান্তে এসে বয়স্ক ভাতা পেয়ে পরিবারে মর্যাদা পাচ্ছেন। সমাজে শান্তিতে বসবাস করছেন। এটা সরকারের অবদান।’ মঙ্গলবার দুপুরে শহরের কাজীর পয়েন্ট এলাকায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সংগঠনের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন,‘আজ শিক্ষার্থীদের হাতে স্মাট ফোন দেখা যায়। এই স্মার্টফোন ব্যবহারে তাঁদের প্রতিষ্ঠানিক শিক্ষার ক্ষতি হতে পারে। অভিভাবকদের বুঝা উচিত যে, একজন শিক্ষার্থীর উজ্জল ভবিষ্যৎ গড়ে তোলতে স্মার্টফোনের ব্যবহার সঠিক নয়। এই কারণে বর্তমান প্রজন্ম
অনেকটা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং মূল্যবোধ হারিয়ে ফেলছে।’ অনুষ্ঠানে সংগঠনের কার্যালয় সংস্কারের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন জেলা প্রশাসক।
সংগঠনের সভাপতি ডাক্তার সৈয়দ মনোওয়ার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোরশেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ দীলিপ কুমার মজুমদার, ন্যাথানেল এডউইন ফেয়ারক্রস, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, কবি ও এইচএমপি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল।