দিরাই প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আমরা শিক্ষায় অনেক পিছিয়ে ছিলাম। এটা বাস্তব সত্য। সেই তুলনায় বর্তমানে শিক্ষার হার আগের চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার নারী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ায় আগের তুলনায় দেশে নারী শিক্ষার হার বেড়েছে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং সরকারি স্কুলে প্রতিবন্ধী শিশুর ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। ঝরে পড়ার হার কমেছে। তবে আমাদের শিক্ষার হার এখনও ৭৫ পার হতে পারেনি। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক। এজন্য হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আমরা সারাদেশে গড়ে তুলছি। শিক্ষার সম্প্রসারণ ও সুস্থ নৈতিক শিক্ষার মাধ্যমে সম্প্রীতি, শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার কারিগর হিসেবে শিক্ষকদেরও শিক্ষার প্রতি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়নের বোয়ালীয়া বাজারে বিবিয়ানা ডিগ্রী কলেজে সংবর্ধিত অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য সংসদ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রী ভাটিবাংলার সন্তান হলেও তিনি সারা দেশের মন্ত্রী। এলাকার উন্নয়নয়নের জন্য কাজ করছেন। সকল দাবিই তিনি পূরণ করবেন। শুক্রবার দুপুর ২টায় গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সফি উল্লাহ।
শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, তোমরা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছ। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষার আমাদের আরো এগিয়ে যেতে হবে।
প্রভাষক মাসুফা তাসনিম মুর্শেদা এবং কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি।
স্বাগত বক্তব্য রাখেন বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস।
অনুষ্ঠানের শুরুতে কলেজ কর্তৃপক্ষের পক্ষথেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সম্মাননা স্মারক প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য পবিত্র মোহন দাস।


