শিক্ষিকা লাঞ্ছনাকারী সভাপতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন

ধর্মপাশার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই নারী শিক্ষককে ওই বিদ্যালয়ের ‘ক্ষমতাধর’ সভাপতি কর্তৃক শারীরিক লাঞ্ছনার প্রতিবাদে সারা জেলা এমন কি দেশব্যাপী শিক্ষকরা প্রতিবাদী হয়ে উঠেছেন। শিক্ষকদের এই প্রতিবাদী অবস্থান অত্যন্ত ন্যায়সঙ্গত এবং স্বাভাবিক। বরং যদি এরকম একটি ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে কেউ এগিয়ে না আসতেন তাহলে বুঝতে হত সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জায়গাটি সংকুচিত হয়ে পড়েছে। তবে ধর্মপাশার শিক্ষিকা লাঞ্ছনার ঘটনায় এখন পর্যন্ত সহকর্মী শিক্ষকদেরই মাঠে নামার খবর পাওয়া গেছে। এর প্রতিবাদে সমাজের অপরাপর অংশের নিষ্ক্রিয়তা চোখে পড়ার মত অবাক কাণ্ড বটে। একজন দাম্ভিক সভাপতি যখন কোন কিছুর পরোয়া না করে দুই নারীর গায়ে হাত তুলতে পারেন তখন ওই ব্যক্তি সকলের জন্যই হুমকি বিবেচিত হওয়া উচিত। এরকম এক জঘন্য অপরাধীর বিরুদ্ধে সর্বস্থর থেকেই প্রতিবাদ জাগ্রত হওয়া উচিত। এদিকে আরেক কাণ্ড ঘটার আভাস পাওয়া যাচ্ছে। রবিবার যখন ধর্মপাশার শিক্ষকরা প্রতিবাদী মানববন্ধন করছিলেন ঠিক সেদিনই অভিযুক্ত সভাপতির পক্ষে ধর্মপাশা উপজেলা সদরেই একটি সংবাদ সম্মেলন করে শিক্ষক লাঞ্ছনার ঘটনাটিকে অস্বীকার করা হচ্ছে। আমাদের মনে হয় ঘটনাটিকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য এ এক সচেতন প্রয়াস মাত্র। লাঞ্ছনাকারী সভাপতির রাজনৈতিক পরিচয়টি বিশেষভাবে প্রণিধানযোগ্য। তিনি ক্ষমতাসীন দলের একজন সাবেক সভাপতির সহোদর বলে জানা গেছে। সুতরাং ক্ষমতার দাপট ও প্রভাব যে এক্ষেত্রে ভালভাবেই ব্যবহার করা হবে তা আমরা বুঝতে পারছি। তবে এরকম ক্ষমতাসীনদের দাপটে যদি অন্যায় বেমালুম চাপা পড়ে যায় তাহলে দুর্বল কোথায় গিয়ে আশ্রয় নিবে এ প্রশ্নটির উত্তর খোঁজাও আজ সমান জরুরি হয়ে উঠেছে।
একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা অন্য শিক্ষকদের সাথে ব্যবস্থাপনা কমিটির নানা বিষয়ে দ্বন্দ্ব মতবিরোধ থাকতেই পারে। এটি নিছকই দাপ্তরিক বিষয় আশয় যা দাপ্তরিক পদ্ধতিতেই নিষ্পত্তি হওয়া শুভনীয়। এর বাইরে গিয়ে যখন ব্যক্তিগত ক্ষমতা জাহির করার প্রয়াস কারও মধ্যে প্রকাশ পায় তখন বুঝতে হবে সেখানে প্রতিষ্ঠানের কল্যাণ কাজ করছে না। আমরা নিশ্চিত, বর্ণিত সভাপতি যে কারণেই দুই শিক্ষিকার উপর ঝাল মেটান না কেন তাতে ওই বিদ্যালয়ের কোন মঙ্গল নিহিত ছিল না। উপরন্তু তিনি নারী শিক্ষকের গায়ে হাত তুলে সভ্যতার যাবতীয় সীমা লঙ্ঘন করেছেন। এই জঘন্য ঘটনার প্রেক্ষিতে যেমন শিক্ষা বিভাগের বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে তেমনি দেশের প্রচলিত আইন অনুসারেও ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।  
নারীরা শিশুদের শিক্ষাদানে সবচাইতে উপযুক্তরূপে নানা গবেষণায় প্রমাণিত হয়েছে। তাই প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষিকা নিয়োগকে অগ্রাধিকার দেয়া হয়। আমাদের দেশে নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাববোধ সর্বদাই প্রকট। তারপরেও সংগ্রামী নারীরা বিভিন্নক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষক পদে নারীরা দায়িত্ব পালন করে দেশকে নিরক্ষরতার অভিশাপ মুক্ত ও মানসম্পন্ন শিক্ষা দান করতে ঈষর্ণীয় সফলতা দেখাচ্ছেন। মমতা, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে তাঁরা শিশুমনে শিক্ষার যে আলো জ্বেলে দিচ্ছেন তা মূলত দেশ গড়ার সার্বিক প্রয়াসকে শক্তিশালী করছে। শিক্ষিত জাতি গঠনের জন্য নারী সমাজ এখন অপরিহার্য বিবেচিত হচ্ছেন।  নারীদের এরকম অগ্রযাত্রায় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্বাচীন সভাপতির মতো ব্যক্তিরা সর্বদাই বিষফোড়ার মতো। এদের অপসারণ করা নারী উন্নয়ন ও শিক্ষার অগ্রগতির জন্য অপরিহার্য।  নতুবা দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকতার মতো পবিত্র ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে নারী শিক্ষকরা অনিরাপদ মনে করবেন।
এরকম অবস্থায় আমরা নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার বিষয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ কামনা করি।