শিশুদের মানবিক ও দেশপ্রেমিক হিসাবে গড়তে হবে -ড. সাদিক

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন,‘আমার গ্রাম ধারার গাঁওয়ে সরকার একটি নতুন প্রাথমিক বিদ্যালয় করার অনুমতি দিয়ে আমাদের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছেন। এজন্য আমরা আনন্দিত-গর্বিত। এই বিদ্যালয় আমার পৈত্রিক ভিটার সামনের অংশে হওয়ায় এবং জমি দিতে পারায় আমার পরিবারও কৃতজ্ঞ। এই অঞ্চলে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হলে আমার বাকী যে জমিটুকু রয়েছে, সেটুকু দেবার জন্য আমার পরিবার কিংবা আমি সব সময়ই প্রস্তুত। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কেবল জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান নয়, আমাদের সকলকেই দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটি শিশুকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার পরিবেশ গড়তে হবে। শিশুদের মানবিক ও দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে হবে।’
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরতলির ধারারগাঁওয়ের মাসতুরা-মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ এবং ইউনিয়ন পরিষদের দেওয়া টিফিনবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তাদীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া, স্থানীয় কোরবাননগর     
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক মোল্লা, প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র শীল, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও টিফিনবক্স বিতরণ করা হয়।