ঘরে-বাইরে অব্যাহতভাবে নির্যাতন-নৃশংসতার শিকার হচ্ছে শিশুরা। বাবা-মায়ের দাম্পত্য কলহ, পরকীয়া, সম্পত্তি নিয়ে বিরোধ ও ক্ষমতা নিয়ে বড়দের দ্বন্দ্বের বলি হচ্ছে তারা। সর্বশেষ খুন হয়েছে রাজধানীর বনশ্রীতে দুই ভাই-বোন। মায়ের পরকীয়ার বলি হলো অরণী (১৪) ও আলভী (৬)। শুক্রবার সংবাদ মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানান যে তিনি বাচ্চাদের লেখাপড়া নিয়ে টেনশন করতেন। এর পরিপ্রেক্ষিতে তাদের হত্যা করেন। এর আগে বৃহস্পতিবার জানায়, তাদের মা মাহফুজা মালেক জেসমিন পরিকল্পিতভাবে সন্তানদের হত্যার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। প্রকৃতপক্ষে কেন হত্যা করেন এ বিষয়ে তিনি নিশ্চুপ থাকেন। এই জোড়া হত্যার প্রকৃত রহস্য কী? হত্যার পরিপ্রেক্ষিতে কে লাভবান হলো? ঘটনার বর্বরতা ভাবলে গা শিউরে উঠে।
শিশুরা জাতির ভবিষ্যৎ। অথচ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং অপরাধীদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে। গত বছরের শেষে চুরির অভিযোগে মো. সামিউল আলম ওরফে রাজন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে মানুষরূপী কিছু জানোয়ার। এ ঘটনার পরপর রাকিব নামে আরেক শিশু নির্যাতনের শিকার হয়। এ ঘটনার রেশ না কাটতেই বরগুনায় রবিউল নামের আরেক শিশু নির্মমতার শিকার হয়। মাছ চুরির অভিযোগে ১১ বছর বয়সী এ শিশুটিকে তার এক প্রতিবেশী পিটিয়ে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়। এমন পৈশাচিকতা ও নিষ্ঠুরতার মধ্যেই আমাদের বসবাস! মানবিক মূল্যবোধের এ কেমন অবক্ষয়! মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? এমন অবক্ষয়যুক্ত সমাজ তো আমাদের কাম্য নয়।
এর জন্য অনেক কারণ দায়ী। তার মধ্যে সামাজিক ও পারিবারিক অবক্ষয়, বিরোধ-শত্রুতা, ব্যক্তি স্বার্থপরতা ও লোভ-লালসা বৃদ্ধি অন্যতম। সমাজ ও পরিবারে শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও মানুষের মধ্যে নৈতিকতাবোধ ও মূল্যবোধের জাগরণ ঘটাতে হবে। শিশু নির্যাতন ও শিশু হত্যা রোধ করতে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সচেতনতা ছাড়া এটা করা কঠিন। পাশাপাশি শিশু নির্যাতন ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তরিক উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারকে। শিশুদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক শিশু সনদের আলোকে ২০১৩ সালে একটি আইন প্রণয়ন করা হয়েছে। শিশুদের রক্ষাকবচ এ আইনটির যথাযথ প্রয়োগ জরুরি।
- দেশের বৃহৎ মিছাখালি রাবারড্যামে ধস-৬ শ্রমিক আহত
- আ.লীগের জেলা কমিটিকে তাহিরপুর উপজেলা আ.লীগের অভিনন্দন

