শীতের আগাম সবজিতে পোকার আক্রমণ

আকরাম উদ্দিন
শীতকালীন সবজির আগাম চাষ শুরু হয়েছে জেলার বিভিন্ন স্থানে। সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের কৃষকেরা এবার সবজির আগাম চাষ করেছেন। সবজি চাষীরা গ্রাম ও শহরের হাট-বাজারে এসব সবজি বিক্রি করে বেশি মূল্য পাচ্ছেন। এতে করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ভোক্তারাও পাচ্ছেন ফরমালিনমুক্ত সবজি। শীতের সবজির আগাম ফলনে রোগ-বালাইও রয়েছে। তবে রোগবালাই প্রতিরোধে কৃষি অফিসারের প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার কথাও জানালেন কৃষকরা।
সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমার উত্তর পাড়ের সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লাউ, কড়লা, শশা, লাল শাঁক, ডাটা শাঁকসহ নানা জাতের সবজী’র আগাম চাষ করেছেন কৃষকরা। কৃষকরা জানিয়েছেন সুনামগঞ্জে এর আগে কখনো আষাঢ়-শ্রাবণ মাসে সবজী চাষ করেননি তারা। অন্য বছর ভাদ্র-আশ্বিন মাসে সবজী চাষ শুরু হতো। এবার আগাম চাষ করায় লাউ, করলা, লাল শাঁক, শশা, ডাটা বেশি দামে বিক্রি করতে পারছেন তারা।
তবে আগাম সবজী চাষ করতে গিয়ে কিছু সমস্যায়ও পড়েছেন তারা। এসব সমস্যার সমাধান দেবার জন্য কোন কৃষি কর্মকর্তাকে মাঠে পাচ্ছেন না তারা। স্থানীয় কীটনাশক বা সবজীর ওষুধ বিক্রেতারা এসব সমস্যার সমাধান দিতে পারছে না তাদের।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের গোদীগাঁও গ্রামের কৃষক মো. ফজলুল হক জানান, অন্যান্য বছর ভাদ্র-আশ্বিন মাসে সবজি চাষ শুরু হলেও এবার আষাঢ়-শ্রাবণ থেকে সবজির চাষ শুরু করেছেন তাঁরা। এতে আগাম ফসল কম হলেও বেশি মূল্যে সবজি বাজারে বিক্রি করা যাচ্ছে। তবে শীত মৌসুমে সবজির ফলন আরো ভাল হবে। কিন্তু তখন মূল্য অনেকটা কমে যায় বলেও জানান তিনি। প্রতি বছর মাঘ মাস পর্যন্ত শীতকালীন সবজি চাষ করেন তারা। তিনি আরও জানান, সদরের উত্তর সুরমা এলাকা সবজি চাষের জন্য বিখ্যাত। এই এলাকায় সবজির ফলন প্রতি বছরই ভাল হয়। আগাম সবজির ফলনও মোটামুটি ভাল হয়েছে। কিন্তু আগাম চাষে কিছু কিছু সবজির গাছে রোগে আক্রমণ করেছে। এই রোগের ওষুধ পাচ্ছেন না তারা। কৃষি কর্মকর্তারা মাঠে যাচ্ছে না।  ফজলুল হক বলেন,‘লাউয়ের ক্ষেতে প্রতি কেয়ারে খরচ হয় প্রায় ২৫ হাজার টাকা। লাউ জন্মে দেড় হাজারের মতো। এই লাউ বিক্রি করলে এখন ৭০-৮০ হাজার টাকা পাবো। রোগ বালাই প্রতিরোধ করা গেলে এক লাখ টাকার বেশি লাউ বিক্রি করা যেতো’।  
কৃষক মো. মনতাজ আলী বলেন, ‘লাউ গাছের বয়স যখন এক মাস হয়, তখন গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে এবং লাউও হলুদ বর্ণ ধারণ করে। গাছের গোড়াও মরে যায়। কিন্তু গাছ মরে না, লাউও ধরে না। এই রোগ সারাতে আমরা কীটনাশকের দোকান থেকে ওষুধ কিনে ব্যবহার করেছি। এই ওষুধ কোনো কাজে আসেনি।’   
সবজির চাষীরা জানান, সবজির ফলন বৃদ্ধিতে বা কোনো পরামর্শ দেয়ার জন্য কৃষি অফিসারকে মাঠে বা ক্ষেতে খুবই কম পান তারা। এ বছর এখনো দেখেননি। কৃষি অফিসারদের হাট-বাজারে বা অফিসে গিয়ে পরামর্শ আনতে হয়। অনেক সময় তারা যে ওষুধের পরামর্শ দেন, সেই ওষুধ বাজার থেকে কিনে এনে ব্যবহার করলেও কোনো কাজ হয় না। ওষুধের দামও বেশি রাখেন ব্যবসায়ীরা।’
কৃষকেরা পোকা-মাকড় নিধন বা সবজি গাছ মরে যাওয়া রোধ করতে ইতিমধ্যে ডাজবান, সাইবার মার্ক,  কেরাটে ইত্যাদি ওষুধ ব্যবহার করেছেন । কিন্তু এসব ওষুধে আশানুরূপ উপকার পাননি তাঁরা। কৃষকেরা আরও জানান, ভাল কোম্পানীর কোনো ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে না। সবজি খেতে গান্দি পোকা, পাঁপড়ি পোকা, মাজরা পোকা, লেদা পোকা ইত্যাদি পোকা আক্রমণ করেছে। পোকার আক্রমণে সবজির ক্ষতি না হলে আরো অনেক বেশি সবজি এখনই সরবরাহ করতে পারতেন তাঁরা।
কৃষক আব্দুর রহমান বলেন, ‘আমাদের এলাকায় আগাম শীতকালীন সবজির ফলনও ভাল হয়। স্থানীয় বাজারে খুচরা ও পাইকারী বিক্রি করছেন অনেক কৃষক। আবার কারো কারো কাছ থেকে পাইকাররা এসেও কিনে নিচ্ছে। আগাম উৎপাদিত সবজির স্বাদ যদিও শীতকালীন সবজির মতো নয়, তবে এসব সবজি ফরমালিনমুক্ত।’dsc02377
কৃষক নুরুল ইসলাম ও এনামুল হক বলেন, ‘আমাদের এলাকায় যে সবজি উৎপাদন হয়, এইসব সবজি বাইরের হাট বাজারে পাঠাতে গাড়ির ঝাঁকুনিতে, বস্তার ঘর্ষণে ভেঙ্গে যায়, ছেচে যায় ও সবজির রঙ পরিবর্তন হয়ে যায়। এই সবজি কিনে নিতে ভোক্তারা পছন্দ করেন না। এতে সবজির দামও কমে যায়। আবার সবজির যাতায়াত বাবত নৌকা ভাড়া, গাড়ি ভাড়া ইত্যাদিতে খরচ পড়ে বেশি। এতে পাইকারী ক্রেতারা মূল্য দিতে নারাজ হন। সুরমা নদী পারাপারে সেতু নির্মাণ ও রাস্তা-ঘাটের উন্নয়ন হলে এই এলাকার কৃষকেরা সবজির ভাল দাম পেতাম।’
কৃষক ইউসুফ আলী বলেন, ‘সবজি চাষের ঐতিহ্যবাহী এলাকা সদর উপজেলার উত্তর সুরমা এলাকা। এই এলাকায় একটি কোল্ড ষ্টোরেজ স্থাপন করা অতি জরুরি। প্রতি বছরই নষ্ট হয় কৃষকদের অনেক সবজি।’
এবার উত্তর সুরমার তিন ইউনিয়নে শসার উৎপাদনও ভাল হয়েছে বলে জানান কৃষকেরা। প্রতি কেয়ার শসার ক্ষেতে খরচ হয় ২০ হাজার টাকা। বিক্রি হয় ৬০ হাজার টাকা। শসা সারা বছর ফলন হয় উত্তর সুরমার সকল এলাকায়।
কৃষক মন্তাজ মিয়া বলেন, ‘শসার ক্ষেতে প্রচুর পরিমাণে সার দিতে হয়।  প্রতি কেয়ারে ৫০ কেজির ৩ বস্তা টিএসপি, ইউরিয়া ২ বস্তা, এমপি ১ বস্তাসহ জৈব সারও বেশি দিতে হয়। এছাড়াও টিউভিট সালফার, কমলাক্স, দস্তা, জিম গাছের গ্রোথ ও রঙ বৃদ্ধির জন্য দিতে হয়। কীটনাশকের জন্য ডাজবান, সাইবার মার্ক, কেরাটে ওষুধ ব্যবহার করতে হয় আমাদের। যদি পোকার নিধন করা যায়, তবে সারা বছর শসার ভাল উৎপাদন হবে, দামও কম থাকবে। এবার পোকার আক্রমণের কারণে শসা ১ শত টাকা কেজিও বিক্রি হয়েছে। এখন আবার হাট-বাজারে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি দরে।’
করলা চাষে প্রতি কেয়ারে খরচ হয় ১২ হাজার টাকা। বিক্রি হয় প্রায় ৪০ হাজার টাকা।
কৃষক আব্দুর রহমান ও আবু হানিফা জানান, করলা বীজের দাম অনেক বেশি। ৫৫ টি বীজ থাকে যে প্যাকেটে, এর মূল্য ২৬০ টাকা। প্রতিটি প্যাকেটে থাকে ৫৫টি বীজ। এই হিসাবে বীজের দাম অনেক বেশি। শীতের ২ মাস আগে উৎপাদিত ১ মণ করলা বিক্রি হয় ১৬শ’ টাকায়। শীতের সময় বিক্রি হয় ৫শ’ থেকে ৬ শ’ টাকা। আগাম চাষ করায় আমরা কিছুটা লাভবান হচ্ছি’। ে
শহরের ও গ্রামের হাট-বাজারে এই সময়ে বড় লাউ ৬০ টাকা, মধ্যম ৫০ টাকা, ছোট ৪০ টাকা, করলা  কেজি ৫০ টাকা, মুলা ৪টি ২৫ টাকা, শশা ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
শহরের স্টেশন রোডের সবজি ক্রেতা আব্দুল আলী বলেন, ‘নতুন লাউ বাজারে এসেছে। ৫০ টাকায় একটি কিনেছি। তুলনামুলক দাম কম আছে।’
জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইউপি সদস্য মো. আব্দুল মোতাল্লিব বলেন, ‘সদর উপজেলায় সবচেয়ে বেশি সবজির ফলন এই উত্তর সুরমা এলাকায়। কৃষি অফিসারের আসা-যাওয়া থাকলে কৃষকেরা কৃষি কাজের অনেক সমস্যা থেকে মুক্তি পেতেন এবং সবজির ফলনও আরও ভাল হতো।’
শহরের কীটনাশকের ওষুধ বিক্রেতা রমজান আলী বলেন, ‘সবজির গাছ পুটু হয়ে ধীরে ধীরে মারা যায়। এই ব্যাক্টেরিয়ার কোনো ওষুধ আমাদের কাছে নেই। অন্যান্য ভালমানের সব ওষুধ আছে। দামেও সস্তা। অফিসারের পরামর্শে সঠিকভাবে ওষুধ ব্যবহার করলে অবশ্যই ফল পাওয়া যাবে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল হক বললেন, ‘জাহাঙ্গীরনগর এলাকার কয়েকজন কৃষককে ইতিমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আরো কৃষক, বিশেষ করে সবজি চাষীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগে ২১৩ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও আছেন ১০৪ জন। এই অবস্থায় আমরা কাঙ্খিত সেবা দিতে পারছি না। তবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে’।