স্টাফ রিপোর্টার
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ রবিবার। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টধর্মানুসারীরাও আগামীকাল যথাযথ ধর্মীয় আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করবেন। এ উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে।
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান গির্জার সভাপতি ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস বলেন, আজ সকাল ৯টায় ধর্মীঢ অনুষ্ঠান, প্রার্থন ও কেক কাটার মধ্যে দিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী উপস্থিত থাকবেন।


