শেখ জামালকে উড়িয়ে ফাইনালে আবাহনী

সু.খবর ডেস্ক
আবাহনীর গ্যালারিই বলছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে স্বাধীনতা কাপের সেমিফাইনাল ম্যাচটির জন্য বারুদ জমা ছিল যথেষ্টই। দুটোই ধানমন্ডির ক্লাব, তবু বারুদ কেন? বাফুফের নির্বাচনের প্রভাব যে ছিল! আবাহনীর সমর্থকদের হয়তো বারবারই মনে পড়ে যাচ্ছিল নির্বাচনে তাদের ইতিহাসের সবচেয়ে বড় তারকা কাজী সালাউদ্দিনের সঙ্গে শেখ জামাল সভাপতি মনজুর কাদেরের দ্বন্দ্বের কথা। সমর্থকেরা দলের জয় চাইছিল কায়মনোবাক্যে। তাঁদের সে আকাঙ্ক্ষাই যেন প্রতিফলিত আবাহনীর মাঠের খেলায়। শেখ জামালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েই স্বাধীনতা কাপ প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেছে আবাহনী।
স্কোরলাইনেই বোঝা যাচ্ছে আবাহনীর দাপট। আগের ধানমন্ডি ক্লাব ‘শেখ জামাল ধানমন্ডি ক্লাবে’ রূপান্তরিত হওয়ার পর ঘরোয়া ফুটবলে তারা কখনো এত বড় ব্যবধানে হেরেছে কি না, সন্দেহ। আবাহনী সত্যিকার অর্থেই বুঝিয়ে দিয়েছে তাদের ঐতিহ্যের ভারটা।
আবাহনীর বড় জয়ের নায়ক নাইজেরিয়ার ফুটবলার সানডে সিজোবা। ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এই ফরোয়ার্ড হ্যাটট্রিকের আগুনে পুড়িয়েছেন শেখ জামালের রক্ষণভাগকে। সঙ্গে ছিলেন ইংলিশ মিডফিল্ডার লি টাক ও জুয়েল রানা। সেনেগালের সারাকামারাও কম যাননি। লি টাকের খেলা দেখে পুরোনো দর্শকদের মনে পড়ে যাচ্ছিল আশির দশকে মোহামেডানে খেলে যাওয়া ইরানি মিডফিল্ডার নালজেগারের কথা। মধ্যমাঠ থেকে বল নিয়ে তিনি যেভাবে শেখ জামালের রক্ষণ ভাঙছিলেন, তা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছড়িয়ে দিচ্ছিল মুগ্ধতা।
জুয়েল রানা লি টাকের সঙ্গে সমানতালেই খেলেছেন। ডান দিক দিয়ে বিপদ ছড়িয়েছেন জামালের রক্ষণে। প্রথমার্ধ তবু গোলশূন্য। ম্যাচের শুরুতেই লি টাকের থ্রু থেকে একেবারে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি আবাহনীর সানডে। সেই সানডেই পরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বইয়ে দিলেন আনন্দের ঢেউ।
দ্বিতীয়ার্ধে জামালের রক্ষণব্যূহ ভাঙতে বেশি সময় নেয়নি আবাহনী। শুরুটা লি টাকই করেছেন। প্রথম গোলটি পেনাল্টি থেকে। বক্সের মধ্যে কামারা ফাউলের শিকার হয়ে আদায় করে নেন পেনাল্টি। আবাহনীকে ১-০ গোলে এগিয়ে দেন লি টাক। ব্যবধান দ্বিগুণ করতে সময় লেগেছে অল্পই। ৫০ মিনিটে জামালের রক্ষণব্যূহে কামারার কাটব্যাক থেকে বল পেয়ে দারুণ প্লেসিং শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন টাক।
এর তিন মিনিট পর টাকেরই থ্রু থেকে বল পেয়ে জুয়েল গোল মুখে ক্রস ফেলেন। কিন্তু ফাঁকায় বল পেয়েও সানডে মেরে বসেন ক্রসবারে। ৬০ মিনিটে দুর্দান্ত এক গোলে সেটা পুষিয়ে দেন নাইজেরিয়ান এই খেলোয়াড়। মাঝমাঠ থেকে বল নিয়ে প্রায় একক প্রচেষ্টায় ধরাশায়ী করেন জামালের রক্ষণভাগকে। ৬৪ মিনিটে জুয়েলের কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার শটে করা তার পরের গোলটিও ছিল চোখধাঁধানো। হ্যাটট্রিক পূর্ণ করেন ৮১ মিনিটে। এবার জোগানদাতা জুয়েল রানা। তাঁর ক্রস থেকে সানডের হেড আশ্রয় নেয় জালে। নিজের চতুর্থ গোলটি সানডে করেন আরও একটি দূরপাল্লার শটে। প্রায় ৩৫ গজ দূর থেকে তাঁর ওই শটে কিছুই করার ছিল না শেখ জামালের গোলরক্ষক মাজহারুল ইসলামের।