শেখ হাসিনাই আ.লীগের সভাপতি সাধারণ সম্পাদক কাদের

সু.খবর ডেস্ক
অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার বিকালে নির্বাচনী অধিবেশনে শীর্ষ দুই পদে তারা নির্বাচিত হন।
সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন এ পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেন।
দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সাধারণ সম্পাদক নিয়ে কাউন্সিলররা গত কয়েকদিন ধরে দোটানায় ছিলেন। রবিবার বিকেলে ২০তম এ সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মধ্য দিয়ে সব জল্পনা কল্পনার অবসান হলো। বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানান জাহাঙ্গীর কবির   
নানক। এই পদেও বিকল্প কোনো নাম প্রস্তাব না আসায়  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন।
১৯৮১ সালে শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত কেউ সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯৮১, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৭, ২০০২, ২০০৯ ও ২০১২ সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।