স্টাফ রিপোর্টার
‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া।
উপজেলা কৃষক লীগের আহবায়ক জালাল মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুমুল হামান তারেকের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বিএনপি মিথ্যার রাজনীতি করে। তারা মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। তারা নিজেরা লুকিয়ে থেকে গুমের নাটক করে। নাম বদল করে হারিছ চৌধুরী বাংলাদেশে লুকিয়ে থেকেই তা প্রমাণ করে দিয়েছে। তারা চুরি—চামারি করে বিদেশে পালিয়ে থাকে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। শেখ হাসিনার আমলে সার—বীজের জন্য কোন কৃষককে গুলি খেতে হয় না। সরকার এখন ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকদের আধুনিক কৃষি উপকরণ দিচ্ছে। কিন্তু বিএনপির সময়ে সার—বীজের জন্য ১৮ জন কৃষক গুলিতে শহিদ হয়েছিল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ—সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামিমা আক্তার খানম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, শ্রম বিষয়ক মোশাররফ হোসেন, সহ প্রচার সম্পাদক কবির আলম প্রমুখ।


