শেষ দিনে প্রাণপণ প্রচারণা

জগন্নাথপুর অফিস
আগামী ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনী প্রচারণার শেষ দিনে প্রার্থীরা নিজেদের প্রতীকের সমর্থনে প্রাণপণ প্রচারণা চালিয়ে ভোটারদের মন কাড়ার চেষ্টা করছেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নৌকা প্রতীকের সমর্থনে শেষ নির্বাচনী সভায় বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেছবাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমেদ এর পক্ষে জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ কলিমউদ্দিন সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী বক্তব্য দেন।
নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র আবদুল মনাফের ছেলে আবুল হুসাইনের (জগ) প্রতীক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী (মোবাইল ফোন) প্রতীকের সমর্থনে শেষ দিনে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি সমর্থকদের নিয়ে প্রচারণা চালান। নির্বাচন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও গতকাল নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
পৌরবাসীর সাথে কথা বলে জানা গেছে, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারি মেয়র আবদুল মনাফ মৃত্যুবরণ করলে ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। ২৭ ফেব্রুয়ারি মনোময়নপত্র দাখিল, ৮ মার্চ প্রত্যাহারের দিন ধার্য করা হলে চারজন প্রার্থী সর্বশেষ ভোটযুদ্ধে অংশ নেন। নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ বৈশ্বিক মহামারী করেনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে ২১ সেপ্টেম্বর মেয়র পদে উপ নির্বাচন ঘোষণা করা হলে প্রার্থীরা আবার মাঠে নামেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ভোটার ২৮ হাজার ৫৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪৩৩৮, নারী ভোটার ১৪২২১ জন। ভোট কেন্দ্র রয়েছে ৯টি। নির্বাচনে দায়িত্ব থাকবেন ১০ জন ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১১ জন, সহকারী প্রিসাইডিং ৭২ জন পুলিং কর্মকর্তা ১৪৪ জন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানকে জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।