সু.খবর ডেস্ক
শুন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে কাল নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে জাহানারারা। বাংলাদেশের দেওয়া ১১৪ রানের লক্ষ্য ২১ বল বাকি থাকতেই টপকে গেছে পাকিস্তান।
দিল্লিতে বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জাহানারা। ২২ রানে ২ উইকেট পড়ে গেলেও বাংলাদেশকে কিছুটা পথ দেখায় শারমিন আখতার ও ফারজানা হকের ৪৩ রানের তৃতীয় উইকেট জুটি। ১৯ রান করে শারমিন আউট হলেও ফারজানা ছিলেন দীর্ঘক্ষণ। দলের সপ্তম উইকেট হিসেবে রানআউটে কাটা পড়ার আগে ৩৭ বলে ৩৬ রান করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের মেয়েদের ব্যক্তিগত সর্বোচ্চ রান। শরমিন-ফারজানার সঙ্গে আরেকটি ভালো জুটি না হওয়ায় বাংলাদেশের পুঁজিটা খুব বড় হয়নি। ব্যাটারদের ভুল-বোঝাবুঝি ও রানিং বিটুইন দ্য উইকেটের দুর্বলতায় চারটি রানআউটের মূল্যও দিতে হয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের আনাম আমিন-আসমাভিয়া ইকবাল নিয়েছেন ২টি করে উইকেট।
১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৫ রানে হারিয়ে বসে ওপেনার নাহিদাকে। কিন্তু সালমার এই উইকেটটাই হয়ে থাকে বাংলাদেশের একমাত্র আনন্দের উপলক্ষ। দ্বিতীয় উইকেটে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে সহজ জয় এনে দিয়েছেন বিসমাহ ও সিদরা।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ (সানজিদা ১, শারমিন ১৯, সালমা ১০, ফারজানা ৩৬, নিগার ০, রুমানা ৭, ফাহিমা ৪, জাহানারা ১১, লতা ১২, পান্না ১*, খাদিজা ০*; আনাম ২/১২, আসমাভিয়া ২/৩০, সানা ১/১৬, নিদা ০/২৭, বিসমাহ ০/২৬)। পাকিস্তান: ১৬.৩ ওভারে ১১৪ (নাহিদা ১০, সিদরা ৫৩*, বিসমাহ ৪৩*; সালমা ১/১৫)। ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: সিদরা আমিন।
- বিশ্বম্ভরপুর উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
- বাধা পেরিয়ে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ: শেখ হাসিনা

