শেষ হলো একুশে বইমেলা ও আন্ত:উপজেলা সাংস্কৃতিক উৎসব

এনামুল হক জুবের
শেষ হলো ৯ দিনব্যাপি অমর একুশে বইমেলা ও আন্ত: উপজেলা সাংস্কৃতিক উৎসব। সোমবার রাতে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সাংস্কৃতিক উৎসবের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন অতিথিরা।
সাংস্কৃতিক উৎসবে গান, নাটক, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে ১ম হয়েছে শহরের দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা। স্কুল পর্যায়ে জেলায় ১ম হয়েছে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়।
পল্লী গীতি প্রতিযোগিতায় ১ম হয়েছেন অরিন্দম ঘোষ, ২য় অলিদ হাসান তানভীর, ৩য় সনি চন্দ। সবার জন্য উন্মুক্ত প্রতিযোগিতায় ১ম অমিত বর্মণ, ২য় সামির পল্লব ও মঞ্জু তালুকদার, ৩য় হয়েছেন সনি চন্দ। দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় ১ম অদ্বিতীয়া প্রেরণা রূপকথা, ২য় পৃথা দেব, ৩য় জয়িতা বণিক। সবার জন্য উন্মুক্ত প্রতিযোগিতায় ১ম সালমা আক্তার দিনা, ২য় অমিত বর্মণ ও ৩য় হয়েছেন সামির পল্লব।  
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, জেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক চিত্তরঞ্জন তালুকদারসহ মঞ্চে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে মেলা প্রাঙ্গণে হাজারো দর্শকের আগমন ঘটে ।
সমাপনী দিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মেলায় অংশগ্রহণকারী ২০টি বইয়ের স্টল ঘুরে দেখেন এবং স্টলের বই ক্রয়-বিক্রয়ের খবর নেন। এসময় স্টলের বিক্রেতারা জানান, ৯দিনে বই বিক্রয় হয়েছে প্রতি  স্টলে সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।