স্টাফ রিপোর্টার
আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম (৫০) আর নেই (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানা যায়, গত শনিবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের হাজী পাড়ায় একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে উকিল পাড়ায় নিজ বাসায় ফিরে বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকগণ তাঁকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সিলেটে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
রবিউল ইসলাম’র বোন জামাই এমএ কাশেম জানান, উনার ছোট ছেলে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে পড়াশোনা করে। সে আসার পর আজ সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল থেকে মরদেহ দক্ষিণ সুনামগঞ্জে নিয়ে আসা হবে। আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থী সহ সকলে শ্রদ্ধা নিবেদন করবেন। উপজেলার শান্তিগঞ্জের হাজী আক্রম আলী মাদ্রাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি দিরাই উপজেলার ভাষারচর গ্রামে। সেখানে আবার জানাজার পর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে।


