শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার সাউধেরশ্রী গ্রামের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক ইউপি চেয়ারম্যান সোমচাঁদ দাস (৮৯) চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দুপুর ২.৩০টায় রঘুনাথপুরে অবস্থিত তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন যাবত শারীরিক অসুস্থতায় ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।
সোমচাঁদ দাস আজীবন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের অনুসারী ছিলেন। উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে সম্পৃক্ত থেকে জনকল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবন্দসহ অনেক শুভাকাক্সক্ষী শেষ বারের মত এক নজর দেখার জন্য তাঁর বাসভবনে ভিড় জমান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী বলেন, সোমচাঁদ বাবু ছিলেন একজন নীতিবান রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের অভিভাবক। উনার চলে যাওয়া স্থানীয় রাজনৈতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে।


